হামলার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন রাবিনা ট্যান্ডন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০১:৪৬ এএম
বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডন সম্প্রতি প্রকাশ করেছেন তার জীবনের এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা। মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় নিজ বাসভবনে একদল উত্তেজিত মানুষের হামলার মুখে পড়েছিলেন তিনি।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ২০২৪ সালের জুনে প্রায় ৩০ জনের একটি দল তার বাড়ির সামনে জড়ো হয়ে ভাঙচুর ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে পরিবারের নিরাপত্তার জন্য তাকে নিজেই সামনে এসে পরিস্থিতি সামাল দিতে হয়।
রাবিনার ভাষ্য অনুযায়ী, ঘটনাটির সূত্রপাত হয় একটি সড়ক দুর্ঘটনার অভিযোগকে কেন্দ্র করে। দাবি করা হয়েছিল, তার গাড়ি এক নারীকে ধাক্কা দিয়েছে। তবে পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাড়িটি কাউকে স্পর্শও করেনি।
অভিনেত্রীর অভিযোগ, পুরো ঘটনাটি ছিল পরিকল্পিত এবং মূল উদ্দেশ্য ছিল তার কাছ থেকে অর্থ আদায় করা। তিনি বলেন, “আমি বাইরে বের হতেই প্রায় ৩০ জন লোক আমাকে ঘিরে ফেলে এবং আমার গাড়িচালককে মারধর শুরু করে। আমি দ্রুত তাকে বাড়ির ভেতরে নিয়ে আসি।”
তিনি আরও জানান, এক ব্যক্তি জোর করে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করলে তিনি নিজেই তার জামার কলার ধরে বাইরে বের করে দেন।
ঘটনার সময় তার স্বামী অনিল থাডানি বাসায় ছিলেন না। বাড়িতে শুধু সন্তানরা ছিল বলে জানান রাবিনা। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন তিনি যেন পুলিশের সঙ্গে যোগাযোগ করতে না পারেন, সে জন্য তার মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়।
পরে মুম্বাই পুলিশ পুরো এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জানায়, রাবিনা ট্যান্ডন বা তার গাড়িচালকের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি পাওয়া যায়নি। তদন্তে ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করা হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
