ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করলেন ইমরান হাশমি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ১২:৪২ এএম

সংগৃহীত

২০০৮ সালে মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘জান্নাত’-এ অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান অভিনেতা ইমরান হাশমি। ছবিটি এখনও দর্শকদের কাছে সমান জনপ্রিয়। সম্প্রতি সিনেমাটির ১৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি পুরোনো দিনের নানা স্মৃতি ও অভিজ্ঞতা স্মরণ করেন।

সেই আড্ডায় উঠে আসে কলকাতায় ঘটে যাওয়া এক ভীতিকর ঘটনার কথা, যা আজও তাকে নাড়া দেয়। ইমরান জানান, ‘জান্নাত’ মুক্তির পর দেশজুড়ে তার জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়ে যায় এবং বিভিন্ন অনুষ্ঠানে ভিড় সামলানো প্রায়ই কঠিন হয়ে পড়ত।

অভিনেতার ভাষ্য অনুযায়ী, কলকাতার একটি অনুষ্ঠানে পরিস্থিতি হঠাৎ করেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রচণ্ড ভিড় জমে গিয়ে সেখানে প্রায় পদদলিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।

তিনি বলেন, সেই মুহূর্তে নিরাপত্তার কারণে তাকে দ্রুত সরিয়ে একটি বাথরুমে রাখা হয়, যাতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা যায়। তার ভাষায়, ঘটনাটি ছিল অত্যন্ত আতঙ্কজনক এবং আজও সেই স্মৃতি স্পষ্টভাবে মনে আছে।

ইমরান আরও জানান, “কলকাতায় একটি অনুষ্ঠানে এত বেশি মানুষ ভিড় করে যে পরিস্থিতি সামলানো কঠিন হয়ে পড়ে। নিরাপত্তারক্ষীরা আমাকে দ্রুত সেখান থেকে সরিয়ে একটি বাথরুমে নিয়ে যান।”

উল্লেখ্য, ‘জান্নাত’ সিনেমায় ইমরান হাশমির বিপরীতে অভিনয় করেন সোনাল চৌহান। কুণাল দেশমুখ পরিচালিত ছবিটি মুক্তির পর বক্স অফিসে সফল হয় এবং এর গান, প্রেমের গল্প ও ক্রিকেট বেটিং-নির্ভর কাহিনির কারণে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top