দুর্ঘটনার কবলে অভিনেত্রী শুভশ্রী
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ মে ২০২৬, ১১:৩১ পিএম
টালিউডে এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় জুটির আসন্ন সিনেমা ‘দেশু৭’। নাম এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত না হলেও প্রজেক্টটি ঘিরে এরই মধ্যে উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো পরিচালক হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে অভিনেতা-প্রযোজক দেবের।
এদিকে যখন তিনি নিজের মেগা প্রজেক্টের কাজে ব্যস্ত, ঠিক তখনই ছোট একটি দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ব্যাডমিন্টন খেলতে গিয়ে মুখে আঘাত পেয়েছেন তিনি।
জানা গেছে, জিম ওয়ার্কআউটের পাশাপাশি নিয়মিত ব্যাডমিন্টন খেলেন শুভশ্রী। রোববার খেলতে গিয়ে হঠাৎ মুখে চোট পান তিনি। পরে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন, যেখানে তাকে মুখে আইস প্যাক চেপে ধরে থাকতে দেখা যায়।
সাদা স্পোর্টস টি-শার্ট ও পনিটেল করা চুলে তোলা সেই ছবিতে তিনি চোটকে হালকাভাবে নিয়েই লেখেন— “Injuries during badminton is fun” অর্থাৎ ব্যাডমিন্টন খেলতে গিয়ে চোট পাওয়াটাও মজার। ছবির ব্যাকগ্রাউন্ডে শোনা যায় জনপ্রিয় গান ‘ভিডা লোকা’।
অন্যদিকে, আসন্ন দুর্গাপূজায় মুক্তির পরিকল্পনা রয়েছে ‘দেশু৭’ সিনেমাটির। দেব-শুভশ্রীর জনপ্রিয় জুটিকে আবারও বড় পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অনির্বাণ ভট্টাচার্যও।
এছাড়া দেব অভিনীত আরেকটি সিনেমা ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ আগামী আগস্টে মুক্তি পেতে পারে, যেখানে তার বিপরীতে থাকছেন রুক্মিণী মৈত্র।
এনএফ৭১/ওতু
বিষয়:
