কারিনা কায়সারের মৃত্যুতে শোক জানাতে অস্বীকৃতি অভিনেতা আবদুল্লাহ রানার
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৭ মে ২০২৬, ১০:২৪ পিএম
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন অভিনেতা আবদুল্লাহ রানা। তিনি জানিয়েছেন, প্রয়াত অভিনেত্রীর রাজনৈতিক অবস্থান তার ব্যক্তিগত আদর্শের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় আবদুল্লাহ রানা বলেন, “এই ইস্যু নিয়ে আমার কিছু বলার নেই। হয়তো আমার দুঃখ প্রকাশ করা উচিত, কিন্তু আমি করব না। কারণ তার রাজনৈতিক অবস্থান আমার আদর্শের সঙ্গে যায় না।”
তিনি আরও বলেন, একজন অভিনেতার রাজনৈতিক আদর্শ থাকা স্বাভাবিক হলেও সেটি প্রকাশের ধরন নিয়ে তার ভিন্ন মত রয়েছে।
তার ভাষায়, “অভিনেতা অবশ্যই রাজনৈতিক একটি আদর্শ নিয়ে চলবেন। কিন্তু সেই আদর্শ রাস্তায় মিছিল-মিটিং বা দলবাজির মাধ্যমে প্রমাণ করার প্রয়োজন নেই। একজন শিল্পী তার কাজের মাধ্যমেই নিজের অবস্থান প্রকাশ করবেন।”
তবে শিল্পীদের রাজনীতিতে অংশগ্রহণকে পুরোপুরি অস্বীকার করেননি তিনি। আবদুল্লাহ রানা বলেন, রাজনীতি দোষের কিছু নয় এবং একজন অভিনেতা রাজনীতি করেও অভিনয় করতে পারেন। তবে শিল্পীদের প্রকাশ্যে রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে তার ব্যক্তিগত আপত্তি রয়েছে।
উল্লেখ্য, গত ১৫ মে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার। আজ রোববার তার মরদেহ দেশে আনা হবে। পরে ঢাকার ডিওএইচএস মাঠে জানাজা শেষে মুন্সীগঞ্জের গজারিয়ায় তাকে দাফন করা হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:
