‘বাচ্চা নেওয়ার চেয়ে কুকুর পোষা ভালো’: শেফালি শাহ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৬:৩৬ পিএম

সংগৃহীত

বলিউডের সাহসী ও স্পষ্টভাষী অভিনেত্রীদের মধ্যে অন্যতম শেফালি শাহ। নিজের মতামত প্রকাশে তিনি কখনো দ্বিধা করেন না—হোক তা সিনেমা, জীবন বা সামাজিক বাস্তবতা নিয়ে।

এবার বিয়ে, পারিবারিক সম্পর্ক এবং সন্তান নেওয়া নিয়ে সমাজে বিদ্যমান চাপের বিষয়ে খোলামেলা মন্তব্য করেছেন এই অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে তরুণীদের উদ্দেশে তিনি তাড়াহুড়ো করে বিয়ে না করার পরামর্শ দেন।

তিনি বলেন, ঈশ্বরের দোহাই, কম বয়সে বিয়ে করবেন না। সঠিক মানুষের জন্য অপেক্ষা করা এবং মানসিকভাবে প্রস্তুত হওয়া জরুরি। বিয়ে কোনো সহজ সিদ্ধান্ত নয়, এর পেছনে বোঝাপড়া ও পরিপক্কতা প্রয়োজন।

একই সঙ্গে রসিকতা ও বাস্তবতার মিশেলে শেফালি শাহ বলেন, সমাজে সন্তান নেওয়ার যে চাপ তৈরি করা হয়, তার চেয়ে একটি কুকুর পোষা অনেক ভালো।

কানাডিয়ান ইউটিউবার ও সঞ্চালক লিলি সিংয়ের সঙ্গে আলাপচারিতায় তিনি আরও বলেন, সমাজ সবসময় বিয়ে ও মাতৃত্ব নিয়ে এক ধরনের অদৃশ্য চাপ তৈরি করে, যা অনেক সময় ব্যক্তিগত সিদ্ধান্তকে প্রভাবিত করে।

তিনি স্বীকার করেন, এই মন্তব্যের জন্য সামাজিক মাধ্যমে সমালোচনা বা ট্রোলের মুখে পড়তে পারেন বলেও তিনি জানেন।

ব্যক্তিগত জীবনে শেফালি শাহ প্রথমে টেলিভিশন অভিনেতা হর্ষ ছায়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে ২০০০ সালে তিনি চলচ্চিত্র নির্মাতা বিপুল অমৃতলাল শাহকে বিয়ে করেন। এই দম্পতির দুটি সন্তান রয়েছে। এছাড়া শেফালির দুটি পোষা কুকুর রয়েছে, যাদের তিনি পরিবারের সদস্যের মতোই স্নেহ করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top