‘শার্লক হোমস’ খ্যাত ড. ওয়াটসন অভিনেতা ডেভিড বার্কের মৃত্যু

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৬:৩৫ পিএম

সংগৃহীত

জনপ্রিয় টিভি সিরিজ ‘শার্লক হোমস’-এ ড. ওয়াটসন চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া ব্রিটিশ অভিনেতা ডেভিড বার্ক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

গত ১০ মে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার তার প্রতিনিধিত্বকারী সংস্থা স্কট মার্শাল পার্টনার্স তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো মৃত্যুর কারণ জানানো হয়নি।

১৯৩৪ সালের ১৫ মে জন্মগ্রহণকারী ডেভিড বার্ক লন্ডনের রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট থেকে অভিনয়ের প্রশিক্ষণ নেন। পরবর্তীতে তিনি জাতীয় নাট্যশালার মঞ্চে ‘কিং লিয়ার’ নাটকে অভিনয়ের মাধ্যমে প্রশংসা অর্জন করেন। সেখানে তার সহশিল্পী ছিলেন ইয়ান হলম।

দীর্ঘ অভিনয়জীবনে তিনি ‘মিডসোমার মার্ডার্স’সহ বহু জনপ্রিয় প্রযোজনায় কাজ করেন। এছাড়া ‘রেইলি’, ‘এস অব স্পাইজ’, ‘দ্য ওম্যান ইন ব্ল্যাক’, ‘দ্য রাইভালস’, ‘বার্টি অ্যান্ড এলিজাবেথ’ এবং ‘দ্য ম্যান হু সো টুমরো’-তেও তাকে দেখা গেছে।

আশির দশকে জেরেমি ব্রেটের সঙ্গে ‘শার্লক হোমস’ সিরিজের প্রথম মৌসুমে ড. ওয়াটসন চরিত্রে অভিনয় করেন ডেভিড বার্ক। পরে দ্বিতীয় মৌসুমে তার জায়গায় অভিনয় করেন এডওয়ার্ড হার্ডউইক।

জানা যায়, দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থেকে শুটিং করতে হওয়ায় তিনি মানসিকভাবে কষ্ট পেতেন। স্ত্রী আনা ক্যালডার মার্শাল ও ছেলে টম বার্কের কাছ থেকে দূরে থাকার কারণেই তিনি দ্বিতীয় মৌসুমে আর অভিনয় না করার সিদ্ধান্ত নেন।

ডেভিড বার্কের ছেলে টম বার্কও অভিনয় জগতে প্রতিষ্ঠিত। তিনি ‘দ্য মাস্কেটিয়ার্স’ ও ‘স্ট্রাইক’-এ অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top