হুবু স্বামীর বিরুদ্ধে পরকীয়া ও মানসিক নির্যাতনের অভিযোগ সুবাহর

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৩:৫৬ পিএম

সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ তার স্বামী হাসিবুল হাসানের বিরুদ্ধে পরকীয়া, মানসিক নির্যাতন ও ভয়ভীতির অভিযোগ তুলেছেন। শনিবার (১৬ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এসব অভিযোগ করেন।

পোস্টে সুবাহ জানান, সুন্দর ও শান্তিপূর্ণ সংসারের আশায় ইসলামিক শরিয়াহ অনুযায়ী বিয়ে করেছিলেন। তবে বিয়ের পর থেকেই তাকে মানসিক চাপ, অপমান, ভয়ভীতি এবং আবেগগত ব্ল্যাকমেইলের মধ্যে থাকতে হয়েছে।

তার দাবি, স্বামী একাধিক নারীর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন এবং ভবিষ্যতে আরও কয়েকটি বিয়ে করার ইঙ্গিতও দিয়েছেন। এসব বিষয়ে প্রতিবাদ না করে চুপ থাকতে তাকে চাপ দেওয়া হতো বলেও অভিযোগ করেন তিনি।

সুবাহ আরও বলেন, অতীত জীবন নিয়ে তাকে বারবার অপমান ও ছোট করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন নায়িকা, গায়িকা ও অন্য নারীদের সঙ্গে স্বামীর সম্পর্কের বিষয়গুলো তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে।

অভিনেত্রী জানান, বিয়ের খবর প্রকাশ্যে আনার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এরপর থেকে তাকে নানা ধরনের হুমকি ও মানসিক নির্যাতনের মুখোমুখি হতে হচ্ছে, যাতে তিনি নিজেই ডিভোর্স দিয়ে নীরব হয়ে যান।

স্বামী হাসানের অনৈতিক সম্পর্কের বিষয়ে তার কাছে বিভিন্ন প্রমাণ রয়েছে বলেও উল্লেখ করেন সুবাহ। সময় হলে সেগুলো প্রকাশ করবেন বলেও জানান তিনি।

সবশেষে তিনি বলেন, বর্তমানে তিনি চরম মানসিক কষ্ট ও যন্ত্রণার মধ্যে রয়েছেন। এ পরিস্থিতিতে তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top