নতুন অধ্যায়ে যুক্ত হলেন ‘ব্ল্যাক উইডো’ খ্যাত অভিনেত্রী

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০১:১৭ এএম

সংগৃহীত

মার্ভেলের জনপ্রিয় চরিত্র ব্ল্যাক উইডো-এর মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিত হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন এবার যোগ দিচ্ছেন ডিসি ইউনিভার্সে। বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ব্যাটম্যান: পার্ট ২’-এ তাকে দেখা যাবে বলে জানা গেছে।

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য ব্যাটম্যান’-এর সিক্যুয়ালে আগের মতোই ব্যাটম্যান চরিত্রে থাকছেন রবার্ট প্যাটিনসন।

পরিচালক ম্যাট রিভস এবারও নতুন কাস্ট নিয়ে রহস্য বজায় রেখেছেন। ১৪ মে নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে তিনি ‘আন্ডার দ্য স্কিন’ সিনেমার একটি দৃশ্য শেয়ার করে লেখেন, “পরবর্তী স্টপেজ, গথাম... স্বাগতম,” যা থেকেই স্কারলেট জোহানসনের যুক্ত হওয়ার গুঞ্জন শুরু হয়।

ভক্তদের মধ্যে ধারণা করা হচ্ছে, স্কারলেটকে ছবিতে ‘গিল্ডা ডেন্ট’ চরিত্রে দেখা যেতে পারে। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

এছাড়া গুঞ্জন রয়েছে, সেবাস্টিয়ান স্ট্যানকে ‘হার্ভি ডেন্ট’ বা ‘টু-ফেস’ চরিত্রে এবং চার্লস ড্যান্সকে ‘ক্রিস্টোফার ডেন্ট’ চরিত্রে দেখা যেতে পারে।

আগের সিনেমার কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রও ফিরছে। জিম গর্ডন চরিত্রে থাকছেন জেফরি রাইট, আলফ্রেড পেনিওয়ার্থ চরিত্রে অ্যান্ডি সার্কিস এবং পেঙ্গুইন চরিত্রে ফিরছেন কলিন ফারেল।

তবে আগের ছবিতে ‘ক্যাটওম্যান’ চরিত্রে অভিনয় করা জো ক্রাভিটস এই সিক্যুয়েলে থাকছেন না বলে জানা গেছে।

চলতি বছর থেকেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ১ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘দ্য ব্যাটম্যান: পার্ট ২’।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top