কারিনা কায়সারকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ বন্ধু ডানা’র

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ মে ২০২৬, ১১:৩৮ পিএম

সংগৃহীত

সদ্য প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা।

ডানা ভাই জোস নামে পরিচিত এই কনটেন্ট ক্রিয়েটর তার ফেসবুক পোস্টে কারিনার স্মৃতিচারণ করে লিখেছেন, কারিনার হাসিটাই ছিল সবচেয়ে সুন্দর এবং তিনি সবসময় বন্ধুদের পাশে থাকতেন। তার ভাষায়, “কারিনা ছিল সুখ, বন্ধুত্ব আর মমতার আরেক নাম।”

বন্ধুত্বের স্মৃতির কথা তুলে ধরে ডানা জানান, এমন কোনো দিন ছিল না যেদিন তাদের কথা হয়নি। কারিনা তাকে শিখিয়েছিলেন কীভাবে জীবনকে ভালোবাসতে হয় এবং কাছের বা দূরের সবাইকে সমানভাবে আগলে রাখতে হয়।

তিনি আরও লেখেন, শেষ জন্মদিনে তিনি মজা করে কারিনাকে বলেছিলেন—“কারিনা আছে, তাই আর জন্মদিনের পরিকল্পনা করতে হয় না।” জবাবে কারিনা বলেছিলেন, “আমি যতদিন বেঁচে আছি, সারাজীবনই করব।”

ডানা আবেগভরে লেখেন, কারিনার সেই প্রতিশ্রুতি যেন তিনি রেখে গেছেন, কিন্তু আরেকটি কথা তারা দু’জন ভুলে গিয়েছিলেন—“যখনই রক্তিম চাঁদ উঠবে, পৃথিবীর যেখানেই থাকি না কেন, আমরা আবার দেখা করব।”

তিনি আরও বলেন, “তুমি হয়তো আমাদের সবচেয়ে প্রিয় মানুষ ছিলে, আল্লাহরও সবচেয়ে প্রিয় ছিলে বলেই হয়তো তিনি তোমাকে এত তাড়াতাড়ি নিজের কাছে নিয়ে গেলেন। আবার দেখা হবে বন্ধু। আল্লাহ তোমাকে সবচেয়ে সুন্দর জায়গায় রাখুন।”

উল্লেখ্য, লিভারজনিত জটিলতায় আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হয় কারিনা কায়সারকে। পরে ভারতের চেন্নাইে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেন তার বাবা ও সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ।

তার মৃত্যুর পর শোবিজ ও কনটেন্ট ক্রিয়েশন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। অনেকেই সামাজিক মাধ্যমে তার স্মৃতিচারণ করে শোক প্রকাশ করছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top