৭৯তম কান চলচ্চিত্র উৎসব-এর পর্দা উঠল বর্ণাঢ্য আয়োজনে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৯:৪৩ পিএম

সংগৃহীত

ফরাসি উপকূলীয় শহর কানের নীল জলরাশি আর পামগাছের সারির মাঝে শুরু হয়েছে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসব। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে ৭৯তম আসরের, যা চলবে আগামী ১২ দিন।

উৎসবের মূল ভেন্যু লুই লুমিয়ের থিয়েটার ও পালে দে ফেস্টিভ্যাল প্রাঙ্গণে লাল গালিচায় বিশ্বের খ্যাতনামা চলচ্চিত্রকার, অভিনেতা ও নির্মাতাদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনা কিংবদন্তি অভিনেত্রী গং লি এবং হলিউড তারকা জেন ফন্ডা। যৌথভাবে তারা এবারের উৎসবের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেন।

বক্তব্যে জেন ফন্ডা বলেন, গল্পই একটি সভ্যতার ভিত্তি তৈরি করে এবং চলচ্চিত্র অন্যায়ের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধের মাধ্যম হিসেবে কাজ করে। অন্যদিকে গং লি বলেন, সিনেমা এমন একটি ভাষা যা সংস্কৃতি ও প্রজন্মের সীমা পেরিয়ে মানুষকে একসূত্রে বাঁধে।

এবারের আসরে নিউজিল্যান্ডের নির্মাতা পিটার জ্যাকসন-কে সম্মানসূচক ‘পাম দ’অর’ প্রদান করা হয়, যা বিশ্ব চলচ্চিত্রে তার অবদানের স্বীকৃতি। আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি এই সম্মানকে নিজের জন্য অপ্রত্যাশিত ও গর্বের বলে উল্লেখ করেন।

উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হয় ‘ইলেকট্রিক ভেনাস’। এবারের মূল প্রতিযোগিতা বিভাগে ২২টি চলচ্চিত্র স্বর্ণপাম বা ‘পাম দ’অর’-এর জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে রয়েছেন স্পেনের পেদ্রো আলমোদোভার, যুক্তরাষ্ট্রের জেমস গ্রে এবং রোমানিয়ার ক্রিস্টিয়ান মুঙ্গিউর মতো নির্মাতারা।

জুরি বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন দক্ষিণ কোরিয়ার নির্মাতা পার্ক চান-উক। তিনি মন্তব্য করেন, শিল্প ও রাজনীতি একে অপর থেকে বিচ্ছিন্ন নয়।

এবারের উৎসবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও চলচ্চিত্রের সম্পর্ক নিয়েও আলোচনা বিশেষ গুরুত্ব পেয়েছে। জুরি সদস্য ও অভিনেত্রী ডেমি মুর বলেন, এআই বাস্তবতা হয়ে উঠেছে এবং একে সৃজনশীল কাজে কীভাবে ব্যবহার করা যায় সেটিই এখন মূল চ্যালেঞ্জ।

উৎসবের ১২ দিনজুড়ে বিভিন্ন বিভাগে চলচ্চিত্র প্রদর্শনী, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্রসহ নানা আয়োজন চলবে। কানের অলিগলি ইতোমধ্যেই পরিণত হয়েছে বৈশ্বিক চলচ্চিত্র সংস্কৃতির এক মিলনমেলায়, যেখানে নির্ধারিত হবে আগামী দিনের বিশ্ব সিনেমার ধারা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top