নায়িকারাই আমার গায়ের রং নিয়ে বডি শেমিং করেছে: সুনেরাহ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৯:৪১ পিএম

সংগৃহীত

গায়ের রং নিয়ে ব্যক্তিগত ও পেশাগত জীবনে বডি শেমিংয়ের অভিজ্ঞতার কথা জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। এক সাক্ষাৎকারে তিনি জানান, নারী সহকর্মীদের কাছ থেকেও এ ধরনের কটাক্ষের মুখে পড়েছেন।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, কিছু সহকর্মী তাকে “কালো” বলে মন্তব্য করেছেন এবং তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেছেন। এমনকি ব্যঙ্গাত্মকভাবে ফেস পাউডার ও সৌন্দর্য প্রসাধনী নিয়েও মন্তব্য করার অভিজ্ঞতা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তবে এসব মন্তব্যকে তিনি খুব একটা ব্যক্তিগতভাবে নেননি বলেও জানান সুনেরাহ বিনতে কামাল। বরং অনেক সময় বিষয়গুলোকে হালকাভাবেই নিয়েছেন বলে সাক্ষাৎকারে উল্লেখ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমেও গায়ের রং নিয়ে নেতিবাচক মন্তব্যের মুখে পড়ার কথা বলেন এই অভিনেত্রী। একটি ঘটনার কথা স্মরণ করে তিনি জানান, অনলাইনে “কালো” বলা হলে তিনি পাল্টা প্রশ্ন করেছিলেন— “কালো হলে কী সমস্যা?” পরে মন্তব্যকারী সেই মন্তব্য মুছে দেন বলেও জানান তিনি।

অভিনেত্রীর মতে, এ ধরনের মানসিকতা সীমিত চিন্তার বহিঃপ্রকাশ। তিনি বলেন, সবাই যদি একই রকম হতো, তাহলে বৈচিত্র্য থাকত না।

‘ন ডরাই’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হওয়া এই অভিনেত্রী জানান, এখন তিনি নেতিবাচক মন্তব্য এড়িয়ে চলার চেষ্টা করেন এবং ইতিবাচক দিকগুলোর ওপর গুরুত্ব দেন।

তার ভাষায়, অভিনয়ের প্রশংসা ও দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়াই তাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top