কারিনার জীবন বাঁচাতে ভাইদের রক্ত পরীক্ষা, ট্রান্সপ্লান্টের প্রস্তুতি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ১১:৪৯ পিএম

সংগৃহীত

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের জীবন বাঁচাতে এগিয়ে এসেছেন তার দুই ভাই। লিভার ফেইলিউরে গুরুতর অসুস্থ কারিনাকে বর্তমানে ভারতের চেন্নাইয়ে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। সেখানে তার দুই ভাই মোস্তফা এস. হামিদ ও সাদাত হামিদের রক্ত পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে একজন লিভার দান করবেন।

সোমবার রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে কারিনাকে চেন্নাই নেওয়া হয়। মঙ্গলবার দুপুরে তার বাবা কায়সার হামিদ বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন।

তিনি জানান, এয়ার অ্যাম্বুলেন্সে কারিনার সঙ্গে তার মা লোপা কায়সার সফরসঙ্গী হয়েছেন। পাশাপাশি সম্ভাব্য লিভার ডোনার হিসেবে দুই ভাইও রয়েছেন। বর্তমানে চেন্নাইয়ের হাসপাতালে কারিনার প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে।

কায়সার হামিদ আরও জানান, চিকিৎসার ব্যয় মেটাতে তিনি দেশে থেকে জরুরি প্রস্তুতি নিচ্ছেন। পরিবারের অন্য সদস্যরা সেখানে কারিনার পাশে আছেন।

চিকিৎসকদের বরাতে জানা গেছে, আগে কারিনার ফুসফুসে জমে থাকা পানি নিয়ন্ত্রণে আনা হচ্ছে। এরপর লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল করার চেষ্টা চলছে।

পরিবারের ভাষ্য অনুযায়ী, দেশে চিকিৎসাধীন অবস্থায় কারিনাকে অতিরিক্ত ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল, পাশাপাশি তার ফুসফুসে সংক্রমণ দেখা দেয়। পরে হেপাটাইটিস এ ও ফ্যাটি লিভারের জটিলতা ধরা পড়ে। পরিস্থিতির অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার শরীরকে ট্রান্সপ্লান্টের উপযোগী অবস্থায় আনার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top