সূর্যের দিকে তাকিয়ে চোখের অনুশীলন করতেন পূর্ণিমা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৯:৩০ পিএম
ঢালিউডের চিরসবুজ অভিনেত্রী পূর্ণিমা দুই দশকেরও বেশি সময় ধরে পর্দায় নিজের অভিনয়ের জাদুতে দর্শকদের মুগ্ধ করে আসছেন। তবে সিনেমার রঙিন দুনিয়ায় তার যাত্রা শুরুর আগের সময়টা ছিল বেশ কঠিন ও শৃঙ্খলাপূর্ণ।
সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে ক্যারিয়ারের শুরুর দিনের এক অজানা অভিজ্ঞতা শেয়ার করেছেন এই অভিনেত্রী। পূর্ণিমা জানান, নায়িকা হিসেবে নির্বাচিত হওয়ার পরও শুরুতে তিনি পুরো বিষয়টি উপলব্ধি করতে পারেননি। শুটিং শুরুর আগে তাকে কঠোর গ্রুমিংয়ের মধ্য দিয়ে যেতে হয়েছিল।
তিনি বলেন, নায়িকা হিসেবে নির্বাচিত হওয়ার পর শুটিং শুরুর প্রায় ২০ দিন আগে থেকে প্রতিদিন সকাল ৬টায় উঠতে হতো। এরপর সূর্য ওঠার সময় নির্দিষ্টভাবে ১০ থেকে ১৫ মিনিট সূর্যের দিকে তাকিয়ে থাকার অনুশীলন করানো হতো।
পূর্ণিমার ভাষায়, এই অনুশীলনের উদ্দেশ্য ছিল ক্যামেরার আলো ও রিফ্লেকশন বোর্ডের আলোতে চোখ স্বাভাবিক রাখা। তিনি জানান, ডে লাইট শুটিংয়ে রিফ্লেকশন বোর্ডের আলো চোখে সরাসরি পড়ে, ফলে চোখ ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই সমস্যা এড়াতেই এ ধরনের প্র্যাকটিস করানো হতো।
তিনি আরও বলেন, অনুশীলনের ফলে চোখ যাতে স্বাভাবিক থাকে, ডায়ালগ বলার সময় যাতে পানি না আসে এবং ক্যামেরার সামনে অভিব্যক্তি যেন স্বাভাবিক থাকে—সেই প্রস্তুতির অংশ হিসেবেই এই কঠোর ট্রেনিং নিতে হয়েছে তাকে।
এনএফ৭১/ওতু
বিষয়:
