বিধ্বস্ত লুকে কারাবন্দী শাকিব, আলোচনায় ‘পিরিতি’ গান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৯:২৭ পিএম

সংগৃহীত

প্রেমের যেমন আনন্দ আছে, তেমনি বিচ্ছেদের আছে গভীর দহন। সেই প্রেম আর বিরহের চিরন্তন হাহাকার নিয়ে হাজির হয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। মুক্তি পেয়েছে তার আসন্ন সিনেমা ‘রকস্টার’-এর নতুন গান ‘পিরিতি’। তবে গানের কথা বা সুরের চেয়েও দর্শক-শ্রোতাদের বেশি আলোচনায় এসেছে গানের ভিডিওতে শাকিব খানের ভিন্ন রূপ।

পুরো গানে এক বিধ্বস্ত চেহারায় কারাবন্দী অবস্থায় দেখা গেছে এই মেগাস্টারকে। ৩ মিনিট ৫২ সেকেন্ডের ভিডিওটির পুরো চিত্রায়ন হয়েছে জেলখানার ভেতরে। সেখানে শাকিব খানকে দেখা গেছে অত্যন্ত জীর্ণ ও ক্লান্ত লুকে, অন্ধকার প্রকোষ্ঠে যার চোখেমুখে ফুটে উঠেছে তীব্র যন্ত্রণা।

তবে ঠিক কী কারণে তিনি কারাগারে গেছেন, সে বিষয়ে নির্মাতা পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট তথ্য জানানো হয়নি। এই রহস্যই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।

‘পিরিতি’ গানটি মূলত ফোক ও অ-ক্যাপেলা ঘরানার মিশ্রণে তৈরি। কবি হাসান রোবায়েতের কাব্যিক শব্দে গানটির সুর করেছেন আহমেদ হাসান সানি। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় ড্রামার ও সংগীতশিল্পী পান্থ কানাই, যার দরাজ কণ্ঠ গানটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে।

গানের সংগীত পরিচালনা ও অ্যারেঞ্জমেন্ট করেছেন জাহিদ নীরব। গানের কথার ভেতর দিয়ে ফুটে উঠেছে তীব্র আকাঙ্ক্ষা ও মানসিক যন্ত্রণার গভীর মিশেল। বিশেষ করে একটি অংশে বলা হয়েছে—

“পিরিতি জানে না কালা কোনও সংগ্রাম, এ প্রাণ ডালিম যেন ফেটে দুই ভাগ।”

‘সান মোশন পিকচার্স’-এর ব্যানারে নির্মিত ‘রকস্টার’ সিনেমার এই গানটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি-তে মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই গানটি ঘিরে সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top