হার্ট অ্যাটাকে মারা গেলেন কন্নড় অভিনেতা দিলীপ রাজ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৯:২৫ পিএম
দক্ষিণী টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা, সংগীতশিল্পী ও প্রযোজক দিলীপ রাজ মারা গেছেন। বুধবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।
পারিবারিক সূত্র জানিয়েছে, ভোরে হঠাৎ তীব্র হার্ট অ্যাটাকে আক্রান্ত হন দিলীপ রাজ। পরে দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালান। তবে শেষ পর্যন্ত চিকিৎসায় সাড়া না দিয়ে মারা যান তিনি।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কন্নড় ইন্ডাস্ট্রিতে। সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তার স্মৃতিচারণ করে শোক প্রকাশ করছেন।
দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়, সংগীত ও প্রযোজনায় নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন দিলীপ রাজ। ২০০৭ সালে পুনিথ রাজকুমারের ব্লকবাস্টার সিনেমা ‘মিলানা’র মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। পরে ‘ইউ টার্ন’ ও ‘বয়ফ্রেন্ড’-এর মতো সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়ান। অভিনয়জীবনে ২৪টিরও বেশি সিনেমায় দেখা গেছে তাকে।
বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও ছিলেন সমান জনপ্রিয়। জি কন্নড়ের জনপ্রিয় ধারাবাহিক ‘হিটলার কল্যাণ’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে পরিচিতি পান তিনি। এছাড়া ‘জননী’, ‘রঙ্গোলি’, ‘কুমকুম ভাগ্য’, ‘মাঙ্গল্য’ ও ‘রথসপ্তমী’র মতো জনপ্রিয় ধারাবাহিকেও অভিনয় করেছেন।
অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও কাজ করেছেন দিলীপ রাজ। ‘ডিআর ক্রিয়েশনস’ ব্যানারের অধীনে একাধিক টেলিভিশন ধারাবাহিক প্রযোজনা করেন তিনি।
দিলীপ রাজের অভিনয়ের শুরু হয়েছিল মঞ্চনাটকের মাধ্যমে। ‘নটরাঙ্গা’ ও ‘দৃষ্টি’র মতো থিয়েটার গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। থিয়েটারে কাজ করার সময় অভিনেত্রী নন্দিতার মাধ্যমে টেলিভিশনে কাজের সুযোগ পান। তার অভিনীত প্রথম টেলিফিল্ম ছিল ‘কাম্বাদা মানে’।
পরবর্তীতে প্রবীণ অভিনেত্রী ভারতী বিষ্ণুবর্ধনের সঙ্গে ‘জননী’ ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেন। অভিনেতা হওয়ার পাশাপাশি সংগীতশিল্পী হিসেবেও তার খ্যাতি ছিল। বিশেষ করে ‘আ দিনাগালু’ সিনেমায় অভিনেতা চেতন কুমারের হয়ে তার ডাবিং দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।
এনএফ৭১/ওতু
বিষয়:
