মুখ্যমন্ত্রী হয়েই বড় সিদ্ধান্ত বিজয়ের, প্রশংসায় কমল হাসান
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৯:২৪ পিএম
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতির ময়দানে নতুন অধ্যায় শুরু করেছেন থালাপতি বিজয়। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মাত্র দুই দিনের মধ্যেই একাধিক সংস্কারমূলক সিদ্ধান্ত নিয়ে আলোচনায় উঠে এসেছেন তিনি। আর তার এমন উদ্যোগের প্রশংসা করেছেন কিংবদন্তি অভিনেতা কমল হাসান।
দায়িত্ব গ্রহণের পরপরই তামিলনাড়ুতে ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দেন বিজয়। নতুন নীতিমালায় বলা হয়েছে, কোনো ধর্মীয় উপাসনালয় কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ মিটারের মধ্যে মদের দোকান পরিচালনা করা যাবে না। নির্বাচনের সময় দেওয়া ‘মাদকমুক্ত তামিলনাড়ু’ গড়ার প্রতিশ্রুতির প্রথম বাস্তব পদক্ষেপ হিসেবেই দেখছেন অনেকে।
বিজয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কমল হাসান বলেন, তামিল পরিবারের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এমন উদ্যোগ। দায়িত্ব নেওয়ার পর এত দ্রুত সাহসী সিদ্ধান্ত নেওয়াকে তিনি প্রশংসনীয় বলে মন্তব্য করেন। পাশাপাশি তিনি বলেন, সরকারের কাজ মদ বিক্রি করা নয়, বরং সমাজকে এর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা। ৭১৭টি দোকান বন্ধ হওয়াকে কেবল শুরু বলেও উল্লেখ করেন তিনি।
বর্তমানে তামিলনাড়ুতে সরকারি নিয়ন্ত্রণাধীন প্রায় ৪ হাজার ৭৬৫টি মদের দোকান রয়েছে। এর মধ্যে অনেক দোকান ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে অবস্থিত। সরকারি তথ্যমতে, ২৭৬টি দোকান ধর্মীয় স্থাপনার কাছে এবং ১৮৬টি দোকান শিক্ষা প্রতিষ্ঠানের পাশে রয়েছে। নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে এসব দোকান পর্যায়ক্রমে বন্ধ হয়ে যাবে।
উল্লেখ্য, গত বছর শুধু মদ বিক্রি থেকেই তামিলনাড়ু সরকারের আয় হয়েছিল প্রায় ৪৮ হাজার কোটি টাকা। তবে বিপুল রাজস্বের বিষয়টি মাথায় না রেখে জনস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সূত্র: আনন্দবাজার
এনএফ৭১/ওতু
বিষয়:
