না ফেরার দেশে মার্কিন অভিনেত্রী জেনিফার হারমান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৯:২৩ পিএম

সংগৃহীত

জনপ্রিয় মার্কিন অভিনেত্রী জেনিফার হারমান মারা গেছেন। ‘ওয়ান লাইফ টু লিভ’ ও ‘হাউ টু সারভাইভ আ ম্যারেজ’-এর মতো জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন তিনি। ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে পরিবার।

টেলিভিশন দর্শকদের কাছে জেনিফার হারমান সবচেয়ে বেশি পরিচিত ছিলেন ‘ওয়ান লাইফ টু লিভ’ ধারাবাহিকের ‘ক্যাথি’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এই চরিত্রে অভিনয় করা পঞ্চম অভিনেত্রী ছিলেন তিনি। ১৯৭৬ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত চরিত্রটিতে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান জেনিফার। একই সঙ্গে অর্জন করেন ডেটাইম এমি অ্যাওয়ার্ডের মনোনয়ন।

এর আগে ১৯৭৪-৭৫ মৌসুমে এনবিসির ধারাবাহিক ‘হাউ টু সারভাইভ আ ম্যারেজ’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছোটপর্দার পাশাপাশি মঞ্চনাটকেও ছিল তার শক্ত অবস্থান।

১৯৪৩ সালের ৩ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার প্যাসাডেনায় জন্মগ্রহণ করেন জেনিফার হারমান। তবে তার বেড়ে ওঠা নিউ অরলিন্সে। উচ্চশিক্ষা নিয়েছেন ইউনিভার্সিটি অব মিসিসিপি এবং ইউনিভার্সিটি অব মিশিগানে। পরে অভিনয়ের স্বপ্ন নিয়ে নিউইয়র্কে পাড়ি জমান এবং থিয়েটারের মাধ্যমে অভিনয়জগতে পথচলা শুরু করেন।

১৯৬৫ সালে ব্রডওয়েতে অভিষেকের পর দীর্ঘ অভিনয়জীবনে তিনি অংশ নেন একাধিক জনপ্রিয় মঞ্চনাটকে। এর মধ্যে উল্লেখযোগ্য ‘দ্য স্কুল ফর স্ক্যান্ডাল’, ‘ব্লিথ স্পিরিট’, ‘দ্য গ্লাস মেনাজারি’ এবং ‘বারাফুট ইন দ্য পার্ক’। অসাধারণ অভিনয় দক্ষতায় কয়েক দশক ধরে ব্রডওয়ের শক্তিশালী অভিনয়শিল্পীদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি।

১৯৯০-এর দশকে আবারও ‘ওয়ান লাইফ টু লিভ’-এ ফিরে আসেন জেনিফার হারমান। এবার তিনি অভিনয় করেন একজন আইনজীবীর চরিত্রে। পাশাপাশি তিনি অভিনয় করেছেন আরও কয়েকটি জনপ্রিয় সোপ অপেরায়, যার মধ্যে রয়েছে ‘অ্যানাদার ওয়ার্ল্ড’, ‘গুইডিং লাইট’ এবং ‘লাভিং’।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top