কারিনা কায়সারকে নেওয়া হয়েছে চেন্নাই, লিভার ডোনার দুই ভাই

চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৭:৩৫ এএম

ছবি: সংগৃহীত

গুরুতর লিভার জটিলতায় আক্রান্ত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছে।

সোমবার দিবাগত রাতে বিশেষ জেট এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে দেশটির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। বিষয়টি মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন কারিনার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক তারকা কায়সার হামিদ।

তিনি জানান, মেয়ের সঙ্গে গেছেন তার মা লোপা কায়সার। পাশাপাশি সম্ভাব্য লিভার ডোনার হিসেবে রয়েছেন কারিনার দুই ভাই মোস্তফা এস হামিদ ও সাদাত হামিদ।

পোস্টে মেয়ের সুস্থতা কামনা করে কায়সার হামিদ লেখেন, উন্নত চিকিৎসার জন্য গত রাতে তার মেয়েকে দেশের বাইরে নেওয়া হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত থেকে কারিনা লাইফ সাপোর্টে ছিলেন। কয়েক দিন ধরে অসুস্থ থাকার পর অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, কারিনা হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই সংক্রমণে আক্রান্ত হন। পাশাপাশি আগে থেকেই তার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। এসব জটিলতার কারণে তার লিভার ফেইলিউর দেখা দেয়।

এদিকে চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে পরিবার বড় আর্থিক চাপে পড়েছে বলে জানিয়েছেন কায়সার হামিদ। হাসপাতালের খরচ ও এয়ার অ্যাম্বুল্যান্স ব্যয় মেটাতে পরিবারের সঞ্চয় ভাঙা এবং জমি বিক্রির মতো সিদ্ধান্ত নিতে হচ্ছে বলেও জানান তিনি।

অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিত কারিনা কায়সার। ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় সিরিজসহ বিভিন্ন কাজের মাধ্যমে তিনি দর্শকদের মাঝে প্রশংসিত হন।

তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

এনএফ৭১/একে



বিষয়:



Top