ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য বন্ধে জয়ার হাইকোর্টে রিট

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ১০:৫১ পিএম

সংগৃহীত

ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য নিষিদ্ধ ও নিয়ন্ত্রণের দাবিতে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটটি করেছে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এ কে খান হেলথকেয়ার ট্রাস্ট এবং অভিনেত্রী ও প্রাণী কল্যাণকর্মী জয়া আহসান।

সোমবার (১১ মে) রিটটি দায়ের করা হয় বলে জানা গেছে। রিটকারীদের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার সাকিব মাহবুব, ড. সিনথিয়া ফরিদ ও অ্যাডভোকেট সাজিদ হাসান।

রিট আবেদনে বলা হয়েছে, অসুস্থ প্রাণীর মাংস প্রতারণামূলকভাবে মানুষের খাদ্য হিসেবে বাজারজাত করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে। তাই দ্রুত এই কার্যক্রম বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে।

আবেদনে গাজীপুরে উন্মোচিত অবৈধ ঘোড়ার মাংস বাণিজ্য নিয়ে সময়সীমাবদ্ধ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং হাইকোর্টে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

এছাড়া ৬০ দিনের মধ্যে জাতীয় নির্দেশিকা প্রণয়ন, অসুস্থ ও বাজেয়াপ্ত ঘোড়া নিলাম বন্ধ এবং উদ্ধার করা প্রাণীদের জন্য পুনর্বাসন কেন্দ্র বা অভয়ারণ্য তৈরির নির্দেশনাও চাওয়া হয়েছে।

আইনজীবীদের তথ্য অনুযায়ী, অতীতে গাজীপুরে একটি অভিযানে অসুস্থ ঘোড়া ও জবাইকৃত প্রাণীর মাংস উদ্ধার হয়, যা পরবর্তীতে পরীক্ষায় গুরুতর স্বাস্থ্যঝুঁকির উপস্থিতি পাওয়া যায়।

রিটকারীদের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হলেও স্থায়ী সমাধান হয়নি। তাই শেষ পর্যন্ত তারা আদালতের দ্বারস্থ হয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top