কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসর শুরু

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৯:০৫ পিএম

সংগৃহীত

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসব–এর ৭৯তম আসর আজ মঙ্গলবার (১২ মে) ফ্রান্সের উপকূলীয় শহর কান–এ শুরু হচ্ছে। আগামী ২৩ মে পর্যন্ত চলবে এই উৎসব।

উৎসবকে ঘিরে ভূমধ্যসাগর তীরের ছোট্ট এই শহর ইতোমধ্যেই পরিণত হয়েছে বিশ্ব সিনেমার কেন্দ্রবিন্দুতে। বিশ্বের নামকরা নির্মাতা, অভিনেতা, প্রযোজক ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে কানে জমে উঠেছে উৎসবের আমেজ।

স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় পালে দে ফেস্টিভাল এ দে কংগ্রে প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। এর মধ্য দিয়েই শুরু হবে বহুল প্রতীক্ষিত রেড কার্পেট আয়োজন, যেখানে অংশ নেবেন আন্তর্জাতিক তারকারা।

এবারের উদ্বোধনী অনুষ্ঠান উপস্থাপনা করবেন ফরাসি অভিনেত্রী আইসা মাইগা। প্রধান প্রতিযোগিতা বিভাগের জুরি বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন দক্ষিণ কোরিয়ার খ্যাতনামা নির্মাতা পার্ক চান-উক।

উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের মূল প্রতিযোগিতা বিভাগে মোট ২১টি চলচ্চিত্র স্থান পেয়েছে। মর্যাদাপূর্ণ ‘পাম দ’র’ পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্বের খ্যাতিমান নির্মাতারা।

প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ইরানের আসগর ফারহাদি, স্পেনের পেদ্রো আলমোদোভার, জাপানের হিরোকাজু কোরে-এদা, পোল্যান্ডের পাওয়েল পাভলিকোভস্কি এবং রিউসুকে হামাগুচি।

এবারের আসরে হলিউডের পরিবর্তে স্বাধীন ও আন্তর্জাতিক চলচ্চিত্রকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র থেকে একমাত্র নির্মাতা হিসেবে অংশ নিচ্ছেন ইরা স্যাক্স।

উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হচ্ছে ফরাসি নির্মাতা পিয়ের সালভাদোরি পরিচালিত রোমান্টিক ছবি “দ্য ইলেকট্রিক কিস”। এছাড়া বিশেষ প্রদর্শনীতে থাকছে একাধিক বিশ্ব প্রিমিয়ার।

চলচ্চিত্রে আজীবন অবদানের জন্য সম্মানসূচক ‘পাম দ’র’ দেওয়া হবে নিউজিল্যান্ডের কিংবদন্তি নির্মাতা পিটার জ্যাকসন এবং মার্কিন সংগীত ও চলচ্চিত্র তারকা বারব্রা স্ট্রাইস্যান্ডকে।

আগামী ২৩ মে সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। পুরো উৎসবজুড়ে কানে চলবে চলচ্চিত্র প্রদর্শনী, প্রিমিয়ার, সংবাদ সম্মেলন এবং আন্তর্জাতিক চলচ্চিত্র বাজার কার্যক্রম।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top