স্বাধীনতা পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৬:৫৭ পিএম

সংগৃহীত

স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রখ্যাত নাট্যজন আতাউর রহমান আর নেই। সোমবার (১১ মে) রাত ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

আতাউর রহমানের কন্যা শর্মিষ্ঠা রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, বর্তমানে তার মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। মঙ্গলবার (১২ মে) শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর তাকে দাফন করা হবে।

১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীর ফেনীতে জন্মগ্রহণ করেন আতাউর রহমান। ছোটবেলা থেকেই সাহিত্য, অভিনয় ও সংস্কৃতির প্রতি তার গভীর অনুরাগ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করলেও জীবনের মূল পথ হিসেবে বেছে নেন নাটককে। ষাটের দশক থেকে মঞ্চনাটকের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়ে তিনি বাংলাদেশের আধুনিক নাট্যআন্দোলনের অন্যতম পথিকৃৎ হয়ে ওঠেন।

অভিনয়, নির্দেশনা ও নাট্যরচনায় তিনি ছিলেন সমান দক্ষ। তার নাটকে সামাজিক বাস্তবতা, মানবিক সংকট, রাজনৈতিক অভিঘাত এবং মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন সংবেদনশীলভাবে উঠে এসেছে। নাট্যসংগঠক হিসেবেও তার অবদান ছিল অনন্য। তিনি বাংলাদেশ সেন্টার অব ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট-এর সভাপতির দায়িত্ব পালন করেন এবং দেশের নাট্যচর্চাকে আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সাহিত্যচর্চাতেও তিনি ছিলেন সক্রিয়। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ষষ্ঠী তৎপুরুষ, দুই দুগুণে পাঁচ এবং মধ্যরাতের জোকস।

শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০০১ সালে একুশে পদক এবং ২০২১ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নাটক ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top