উন্নত চিকিৎসার জন্য চেন্নাইয়ে নেওয়া হচ্ছে অভিনেত্রী কারিনা কায়সারকে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ১২:৩৩ এএম

সংগৃহীত

অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার–কে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হচ্ছে। তার জন্য এয়ার অ্যাম্বুল্যান্স প্রস্তুত করা হয়েছে এবং সোমবার বিকেলেই তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার কথা রয়েছে।

সোমবার দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কারিনার বাবা ও জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।

পরিবার জানিয়েছে, কারিনা দীর্ঘদিন ধরে ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছিলেন। কয়েক দিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় দেখা যায়, তিনি হেপাটাইটিস ‘এ’ সংক্রমণে আক্রান্ত হয়েছেন।

গত শুক্রবার রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, তার অবস্থার খুব বেশি উন্নতি হয়নি। তবে চিকিৎসকেরা আপাতত তার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছে পরিবার।

পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে কারিনার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top