যে কারনে দ্বিতীয় বিয়ে করেন নাই ববিতা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ১২:১৩ এএম
ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী ববিতা বিশ্ব মা দিবস উপলক্ষে বিশেষ সম্মাননা ‘মা পদক ২০২৬’ পেয়েছেন। শনিবার (৯ মে) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, চলচ্চিত্রে অসামান্য অবদান এবং বাস্তব জীবনে একজন দায়িত্বশীল মা হিসেবে একমাত্র সন্তান অনিককে বড় করে তোলার স্বীকৃতি হিসেবেই ববিতাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
পুরস্কার গ্রহণের পর আবেগঘন বক্তব্যে ববিতা নিজের মাতৃত্ব, জীবনের সংগ্রাম এবং একাকী পথচলার গল্প তুলে ধরেন। তিনি বলেন, একজন নারীর পূর্ণতা আসে মাতৃত্বে, আর সন্তানই মায়ের জীবনের সবচেয়ে বড় পুরস্কার।
তিনি আরও জানান, ১৯৮২ সালে ব্যবসায়ী ইফতেখারুল আলমের সঙ্গে তার বিয়ে হয়। ১৯৮৯ সালে তাদের সন্তান অনিক ইসলামের জন্ম হয়। তবে ১৯৯৩ সালে স্বামীর মৃত্যুর পর তিনি আর দ্বিতীয়বার বিয়ে করেননি। সন্তানকে ঘিরেই তার পুরো জীবন গড়ে উঠেছে বলে উল্লেখ করেন তিনি।
ববিতা বলেন, স্বামীর মৃত্যুর পর পরিবার থেকে পুনরায় বিয়ের জন্য চাপ থাকলেও তিনি সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একাই অনিককে বড় করেছেন। বর্তমানে তার ছেলে কানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছেন বলেও জানান তিনি।
অনুষ্ঠানে ববিতা আরও বলেন, জীবনের শেষ পর্যায়ে এসে তিনি সন্তানের ভালোবাসাকেই সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন এবং সবার কাছে তার ও তার সন্তানের জন্য দোয়া কামনা করেন।
আয়োজক সূত্র জানায়, এ বছর ‘মা পদক ২০২৬’ পেয়েছেন মোট ১২ জন গুণী ব্যক্তিত্বের মা, যাদের মধ্যে ছিলেন অভিনেতা, সংগীতশিল্পী ও মিডিয়া ব্যক্তিত্বদের পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, ববিতা তার দীর্ঘ অভিনয় জীবনে ২৭৫টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত নির্মাতা সত্যজিৎ রায়ের চলচ্চিত্রেও কাজ করেছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
