৫০০ রুটির গাউন পরে মঞ্চে ঝড় তুললেন রিয়েলিটি তারকা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৮:২৫ পিএম

সংগৃহীত

আফ্রিকার চলচ্চিত্র ও ফ্যাশন জগতের অন্যতম বড় আয়োজন আফ্রিকা ম্যাজিক ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ডস (এএমভিসিএ) এবারও জমকালো আয়োজনের মাধ্যমে সবার নজর কেড়েছে। নাইজেরিয়ার লাগোস শহরের ইকো হোটেল অ্যান্ড স্যুটসে অনুষ্ঠিত ১২তম আসরে তারকা, নির্মাতা ও কনটেন্ট ক্রিয়েটররা দৃষ্টিনন্দন ও ব্যতিক্রমী পোশাকে হাজির হন।

অনুষ্ঠানে দেখা যায় দীর্ঘ ট্রেইনযুক্ত গাউন, ভাস্কর্যধর্মী নকশা, ঝলমলে কাপড় এবং নাটকীয় ফ্যাশন স্টাইল। এতে পুরো পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি শুধু চলচ্চিত্রের স্বীকৃতির মঞ্চই নয়, বরং একটি বড় ফ্যাশন প্রদর্শনীতে পরিণত হয়।

এবারের আসরে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ৫০০টিরও বেশি রুটি দিয়ে তৈরি একটি ব্যতিক্রমী পোশাক। রিয়েলিটি টিভি তারকা রানী মার্সি আটাং এই পোশাক পরে লাল গালিচায় উপস্থিত হন। তার সঙ্গে থাকা পরিচারিকাদের হাতেও রুটিভর্তি থালা দেখা যায়, যা পুরো উপস্থাপনাকে আরও নাটকীয় করে তোলে।

এই পোশাকটির নকশা করেছেন নাইজেরীয় ডিজাইনার টয়িন লওয়ানি। তিনি জানান, প্রচলিত ফ্যাশনের বাইরে গিয়ে ব্যবসা ও ব্যক্তিগত পরিচয়কে পোশাকের মাধ্যমে তুলে ধরার চিন্তা থেকেই এই ডিজাইন তৈরি করা হয়েছে।

রানী মার্সি আটাং বলেন, এটি শুধু আলোচনায় আসার জন্য নয়, বরং তার রুটি তৈরির ব্যবসার প্রচারণার অংশ হিসেবেই এমন ব্যতিক্রমী পোশাক বেছে নেওয়া হয়েছে।

তবে এই আয়োজন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে সৃজনশীল ও সাহসী ফ্যাশন হিসেবে প্রশংসা করলেও, অনেকে খাদ্য ব্যবহার করে এমন পোশাক তৈরিকে অপচয় হিসেবে সমালোচনা করেছেন—বিশেষ করে বিশ্বজুড়ে খাদ্যসংকটের প্রেক্ষাপটে।

সমালোচনা থাকলেও এবারের এএমভিসিএ আবারও দেখিয়ে দিয়েছে, আফ্রিকার ফ্যাশন ও বিনোদন জগৎ নতুনত্ব ও ব্যতিক্রমী উপস্থাপনায় বিশ্বে আলাদা অবস্থান তৈরি করছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top