গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের লাইফ সাপোর্টে রয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। লিভারজনিত জটিলতায় তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। রোববার (১০ মে) পর্যন্ত তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।
পরিবারের সদস্যরা জানান, বিভিন্ন মেডিকেল সাপোর্টের মাধ্যমে তার শারীরিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এর মধ্যে একপর্যায়ে তার রক্তচাপও কিছুটা কমে যায়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে উন্নত চিকিৎসার জন্য কারিনা কায়সারকে বিদেশে নেওয়ার প্রস্তুতিও নিচ্ছে তার পরিবার।
অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি পেয়েছেন কারিনা কায়সার। ওটিটি প্ল্যাটফর্মে তার বেশ কয়েকটি কাজ দর্শকমহলে প্রশংসিত হয়েছে। উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ ও ৩৬-২৪-৩৬।