মান্না–থালাপতি বিজয়ের ছবি ভাইরাল,আসল কাহিনী কি?
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৪:০৬ এএম
ঢালিউডের প্রয়াত নায়ক মান্না এবং দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপতি বিজয়-কে একসঙ্গে দেখা গেছে—এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ছবিতে দেখা যায়, মান্নার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন বিজয়। দাবি করা হচ্ছে, ছবিটি প্রায় ২০ বছর আগে তোলা। তবে এটি বাস্তব নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি—এ নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি ও বিতর্ক।
অনেকে মনে করছেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে। আবার কিছু দর্শকের ধারণা, এটি বাস্তবও হতে পারে, কারণ সেই সময় মান্নার অনেক সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজ ভারতের চেন্নাই-এর বিভিন্ন স্টুডিওতে হতো, যেখানে বিজয়ের সিনেমার কাজও চলত।
২০০৩–০৪ সালের দিকে মান্না যখন ‘বাস্তব’, ‘মিনিস্টার’ বা ‘বীর সৈনিক’ সিনেমার কাজে চেন্নাইয়ে ছিলেন, তখন একই স্টুডিওতে বিজয়ের কাজ চলার সম্ভাবনা ছিল—এমন ধারণাও দিচ্ছেন অনেকে।
তবে বিষয়টি নিশ্চিত করতে পারেননি মান্নার স্ত্রী শেলী মান্না। তিনি জানান, বিষয়টি অনেক আগের হওয়ায় তার স্পষ্ট মনে নেই, তবে একই সময়ে দুজনের দেখা হওয়া অসম্ভব নয়।
ভাইরাল ছবিটি ঘিরে ভক্তদের মধ্যে আবেগও দেখা গেছে। অনেকেই মান্নাকে “গণমানুষের নায়ক” হিসেবে স্মরণ করছেন, আবার কেউ কেউ বলছেন তার জনপ্রিয়তা এখনও মানুষের হৃদয়ে গভীরভাবে রয়েছে।
সব মিলিয়ে ছবিটি বাস্তব নাকি প্রযুক্তিনির্ভর—সে প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়, তবে এটি দুই দেশের চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
