কুদ্দুস বয়াতির অডিও রেকর্ড ফাঁস
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ০২:০৭ এএম
বরেণ্য লোকশিল্পী কুদ্দুস বয়াতি-এর একটি অডিও রেকর্ড ফাঁস হওয়াকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের বিষয়ে তিনি গণমাধ্যমে কথা বলেছেন।
তিনি বলেন, “এই দেশের কোটি কোটি মানুষই আমার ভক্ত। আমার যদি কিছু হয়, তারা আমার পাশে থাকবে বলে আমি বিশ্বাস করি।” একই সঙ্গে তিনি জানান, তিনি একজন সাধারণ মানুষ এবং কঠোর পরিশ্রম করেই সন্তানদের লেখাপড়া করিয়েছেন।
পারিবারিক বিষয় নিয়ে দেওয়া বক্তব্য সম্পর্কে তিনি বলেন, সন্তানদের শাসন করার উদ্দেশ্যে পারিবারিকভাবে বসে কিছু কথা বলেছিলেন, কিন্তু সেটি যে রেকর্ড করা হবে তা তিনি জানতেন না। কে বা কারা এটি রেকর্ড বা প্রকাশ করেছে, সে বিষয়ে তার কোনো ধারণা নেই বলেও জানান তিনি।
কুদ্দুস বয়াতি আরও বলেন, সন্তানদের প্রতি তার কোনো ক্ষোভ নেই এবং সন্তানদের মাধ্যমে তাকে ঘর থেকে বের করে দেওয়ার কথা বলা হচ্ছে—এ ধরনের আলোচনা তিনি প্রত্যাখ্যান করেন।
নিজের সংগ্রামী জীবনের কথা তুলে ধরে তিনি জানান, তিনি দিনমজুরের কাজ করেছেন, দারিদ্র্যের মধ্যেও সন্তানদের মানুষ করেছেন। তাই পারিবারিক বিষয়কে বিকৃতভাবে উপস্থাপন না করার অনুরোধ জানান এই শিল্পী।
শেষে তিনি বলেন, “আমি খুব সহজ-সরল মানুষ। আমাকে এসব বিতর্কে জড়াবেন না, আমাকে মাফ করে দেন।”
এনএফ৭১/ওতু
বিষয়:
