গণঅভ্যুত্থানকে অপরাধ বলা হচ্ছে: মোস্তফা সরয়ার ফারুকী
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ১২:২৫ এএম
সাবেক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, কিছু মানুষের বক্তব্য শুনে মনে হচ্ছে “১৬ বছরে কোনো অপরাধ হয়নি, বরং গণঅভ্যুত্থানই অপরাধ।”
রোববার (১০ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
তিনি লেখেন, “কনসেন্ট ম্যানুফ্যাকচার করার ইনটেলেকচুয়াল কারখানা ছাড়া ফ্যাসিজম জন্ম ও বিস্তার লাভ করতে পারে না।” তার মতে, বাংলাদেশে এই বিষয়টি যথাযথভাবে বিশ্লেষণ বা মোকাবিলা করা হয়নি, যার ফলে সামাজিক পুনর্মিলন (রিকনসিলিয়েশন) নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে।
ফারুকী আরও বলেন, প্রকৃত পুনর্মিলনের শুরু হতে হবে অপরাধ স্বীকারের মাধ্যমে। কিন্তু কিছু বক্তব্যে এমন ধারণা পাওয়া যাচ্ছে যে অতীতের কোনো অপরাধই হয়নি, বরং সাম্প্রতিক গণঅভ্যুত্থানকেই অপরাধ হিসেবে দেখা হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, বড় ঐতিহাসিক ঘটনাগুলো সমাজে “রেড লাইন” তৈরি করে। তার মতে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ একটি বড় রেড লাইন, এবং সাম্প্রতিক “২৪” (গণঅভ্যুত্থান হিসেবে উল্লেখিত) ঘটনাও তেমনই একটি গুরুত্বপূর্ণ মোড়। এসব রেড লাইন অতিক্রম করার আগে সবাইকে সতর্কভাবে ভাবা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
এনএফ৭১/ওতু
বিষয়:
