জীবিত অবস্থায় শিল্পীদের সম্মান দেওয়ার আহ্বান নূতনের
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২৬, ০১:৪৬ এএম
ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী নূতন জীবিত অবস্থায় শিল্পীদের যথাযথ সম্মান ও স্বীকৃতি দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে অ্যাওয়ার্ড গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
নূতন বলেন, একজন শিল্পীর জন্য অ্যাওয়ার্ড পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটি ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। তিনি জানান, সহজে কোনো সম্মাননা পাওয়া যায় না, এর পেছনে দীর্ঘ সময়ের পরিশ্রম ও সাধনা থাকে।
তবে তার মূল বক্তব্য ছিল জীবিত অবস্থায় শিল্পীদের মূল্যায়ন নিয়ে। তিনি বলেন, অনেক সময় শিল্পীদের মৃত্যুর পর মরণোত্তর অ্যাওয়ার্ড দেওয়া হয়, কিন্তু তখন সেই সম্মান গ্রহণ করার সুযোগ তাদের থাকে না। তাই জীবিত থাকতেই শিল্পীদের কাজের স্বীকৃতি দেওয়া উচিত বলে তিনি মত প্রকাশ করেন।
নূতন আরও বলেন, শিল্পীরা যেন বেঁচে থাকতেই তাদের প্রাপ্য সম্মান ও পুরস্কার হাতে পান, যাতে তারা সেই আনন্দ অনুভব করতে পারেন। তার মতে, শিল্পীদের প্রকৃত সম্মান তখনই হয় যখন তারা জীবিত অবস্থায় তাদের কাজের স্বীকৃতি পান।
সবশেষে গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, শিল্পীদের কাজ ও অবদান নিয়ে লেখালেখি করা উচিত, কারণ তারাই শিল্পীদের পরিচিতি ও মূল্যায়নের বড় মাধ্যম।
এনএফ৭১/ওতু
বিষয়:
