ছোট্ট মেয়েকে নিয়ে মালদ্বীপ সফরে সিদ্ধার্থ-কিয়ারা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৬, ০১:৪৬ এএম

সংগৃহীত

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা-এর মালদ্বীপ সফর এখন নেটপাড়ার আলোচনার কেন্দ্রে। নীল সমুদ্রের মাঝে মেয়ে সারায়াকে নিয়ে তাদের কাটানো আনন্দঘন মুহূর্তের একের পর এক ঝলক ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। তবে সবকিছুকে ছাপিয়ে গেছে কিয়ারার মিষ্টি কণ্ঠে গাওয়া ‘বেবি শার্ক’ গান।

শনিবার (২ মে) কিয়ারা তার ইনস্টাগ্রামে একগুচ্ছ মনোমুগ্ধকর ছবি শেয়ার করেন। সেখানে ফুটে উঠেছে তার ‘মা হওয়ার সময়’-এর কিছু বিশেষ মুহূর্ত। একটি ছবিতে দেখা যায়, আলমারিতে তার পরিপাটি পোশাকের পাশে সাজানো ছোট্ট সারায়ার পোশাক। অন্য এক ছবিতে টেবিলের ওপর রাখা সারায়ার ছোট্ট গগলসের পাশে কিয়ারার স্টাইলিশ সানগ্লাস নজর কাড়ে। এছাড়া রঙিন ছবির বই পড়ার একটি আবেগঘন দৃশ্যও শেয়ার করেছেন তিনি।

সবচেয়ে বেশি আলোচনায় এসেছে একটি ভিডিও, যেখানে লাইভ কুকিংয়ের সময় মজার ছলে Baby Shark গানটি গাইছেন কিয়ারা। আর সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করছেন সিদ্ধার্থ। ছোট্ট এই ভিডিও ক্লিপ ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

পোস্টটির ক্যাপশনে কিয়ারা লিখেছেন, “সূর্যস্নাত দিন, নোনতা চুল, আর আমার জীবনের ভালোবাসার মানুষদের সঙ্গে শান্তিতে ভরা একটি হৃদয়।”

গত বছরের জুলাইয়ে এই দম্পতির ঘর আলো করে আসে কন্যা সারায়া। তবে এখনো পর্যন্ত তারা মেয়ের মুখ প্রকাশ করেননি।

মাতৃত্বকালীন ছুটি শেষে কিয়ারা ফিরেছেন কাজেও। তার আসন্ন সিনেমা টক্সিক-এ তিনি জুটি বেঁধেছেন দক্ষিণী তারকা যশ-এর সঙ্গে। অন্যদিকে সিদ্ধার্থ ব্যস্ত তার নতুন ফোক-থ্রিলার ভিভান: ফোর্স অব দ্য ফরেস্ট-এর কাজ নিয়ে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top