‘আজ থেকেই নিজের জন্য জমানোর চেষ্টা করুন’
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ মে ২০২৬, ১২:০৬ এএম
অভিনয় থেকে অবসর নিয়েছেন নন্দিত অভিনেতা সোহেল রানা। তবে সামাজিক মাধ্যমে তিনি এখনও সক্রিয় এবং নিয়মিত সমসাময়িক বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করছেন। এবার তিনি ব্যক্তিগত সঞ্চয় ও ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জীবনের শুরু থেকেই আয়ের একটি অংশ নিজের জন্য জমিয়ে রাখার অভ্যাস গড়ে তোলা উচিত।
তিনি লিখেছেন, “জীবনে প্রথম যখন নিজের কামাই শুরু করেন তখন থেকেই এর একটি ক্ষুদ্র অংশ নিজের জন্য জমা করে রাখবেন। বয়স বাড়ার সঙ্গে অসুস্থতা আসতে পারে, তখন আত্মীয়-স্বজন সহায়তা করলেও সম্পদ বা সম্পত্তি দিয়ে সবসময় সাহায্য করা সম্ভব নাও হতে পারে। সেই সময় আপনার জমানো টাকাই সবচেয়ে বড় সম্বল হবে।”
সোহেল রানা আরও বলেন, স্ত্রী-সন্তানরাও প্রয়োজনে সর্বোচ্চ চেষ্টা করবেন, কিন্তু সঞ্চিত অর্থই বাস্তব জীবনে সবচেয়ে বড় সহায় হয়ে দাঁড়ায়। তাই সবাইকে আজ থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, সোহেল রানা একজন মুক্তিযোদ্ধা ও সাবেক ছাত্রনেতা হিসেবে রাজনীতিতেও সক্রিয় ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি রণাঙ্গনে অংশ নেন এবং পরবর্তীতে চলচ্চিত্রে প্রবেশ করে ১৯৭২ সালে নির্মাণ করেন ঐতিহাসিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’, যেখানে মুক্তিযোদ্ধাদেরই অভিনয়ে অংশ নিতে দেখা যায়।
এনএফ৭১/ওতু
বিষয়:
