স্বর্ণযুগের নায়িকা রোজিনা-র জন্মদিন আজ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১১:১৪ পিএম
ঢাকাই সিনেমার এক সময়ের দাপুটে ও জনপ্রিয় মুখ রোজিনার জন্মদিন আজ। ১৯৫৫ সালের ২০ এপ্রিল রাজবাড়ীর গোয়ালন্দে জন্ম নেওয়া এই অভিনেত্রী বাংলা চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন অভিনয় প্রতিভা ও আকর্ষণীয় উপস্থিতির মাধ্যমে।
চলচ্চিত্রে তার পথচলা শুরু হয় ১৯৭৬ সালের জানোয়ার সিনেমা দিয়ে। প্রথম কাজেই নির্মাতাদের নজরে আসেন তিনি, যা তার ক্যারিয়ারের পথকে করে তোলে মসৃণ।
এরপর রাজমহল ছবিতে একক নায়িকা হিসেবে অভিনয় করে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেন। ধীরে ধীরে হয়ে ওঠেন বাণিজ্যিক সিনেমার অন্যতম নির্ভরযোগ্য তারকা।
অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। কসাই সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য ১৯৮০ সালে পুরস্কৃত হন। পরে জীবন ধারা চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে আবারও এই সম্মান অর্জন করেন।
দেশের বাইরেও নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন তিনি। পাকিস্তানের হাম দো হায় ছবিতে অভিনয়ের জন্য পেয়েছেন ‘নিগার অ্যাওয়ার্ড’, যা আন্তর্জাতিক পরিসরে তাকে পরিচিত করে তোলে।
প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা এই শিল্পী পরিচালনায়ও সফলতা দেখিয়েছেন। তার নির্মিত ফিরে দেখা সিনেমা প্রশংসিত হয়েছে সমালোচকদের কাছে।
বর্তমানে অভিনয়ে নিয়মিত না থাকলেও, রোজিনা এখনো বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের এক সম্মানিত নাম, যার কাজ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে যাচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
