বৈশাখে নিজ বাসায় ছোট মেলার আয়োজন করলেন জয়া আহসান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৪:২৬ এএম

সংগৃহীত

বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে স্বাগত জানাতে রাজধানীর নিজ বাসভবনে ঘরোয়া বৈশাখী মেলার আয়োজন করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

পহেলা বৈশাখ উপলক্ষে তিনি বাড়িটিকে রঙিন কাগজ, ঘুড়ি ও গ্রামীণ সংস্কৃতির নানা উপকরণ দিয়ে সাজিয়ে তোলেন। পুরো পরিবেশে তৈরি করা হয় উৎসবমুখর আবহ।

আয়োজনে অতিথিদের জন্য ছিল দেশীয় নানা মুখরোচক খাবার—মুড়কি, মোয়া, বাতাসা, গজা থেকে শুরু করে ফলমূলসহ বিভিন্ন পদ। পাশাপাশি ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ, ভর্তা ও অন্যান্য বাঙালি খাবারও পরিবেশন করা হয়।

বাড়ির আঙিনায় ছোট আকারে বৈশাখী মেলার পরিবেশও তৈরি করা হয়, যেখানে ছিল ফুচকা বিক্রেতা ও টিয়াপাখির ভবিষ্যদ্বাণীর মতো বিনোদনমূলক আয়োজন, যা অতিথিদের জন্য বাড়তি আনন্দের সৃষ্টি করে।

এ আয়োজনে অভিনেতা চঞ্চল চৌধুরী, শরীফুল রাজসহ অনেকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। জয়া আহসান পরে তার ফেসবুক পেজেও কিছু ছবি শেয়ার করেন।

তিনি বলেন, বৈশাখ তার কাছে কেবল একটি উৎসব নয়, বরং বাঙালির শিকড়ের সঙ্গে যুক্ত থাকার একটি উপলক্ষ। বছরের এই সময় তিনি নিজের সংস্কৃতির সঙ্গেই থাকতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

পান্তা-ইলিশসহ ঐতিহ্যবাহী খাবার গ্রহণ প্রসঙ্গে তিনি জানান, এটি কৃষকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের একটি প্রতীকী আয়োজন হিসেবে দেখা হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top