কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০১:২৮ এএম

সংগৃহীত

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে-কে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানাচ্ছে ভারত।

সোমবার (১৩ এপ্রিল) মুম্বাইয়ের লোয়ার পারেলে তার নিজ বাসভবন ‘কাসা গ্র্যান্ডে’-তে শিল্পীর মরদেহ রাখা হয়। সেখানে প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন তার পরিবার, সহকর্মী ও অসংখ্য অনুরাগী। বিকেলে মুম্বাইয়ের শিবাজী পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

সকাল থেকেই আশা ভোঁসলের বাসভবনে ভিড় করেন শোবিজ ও রাজনীতির বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস সেখানে উপস্থিত হয়ে মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন। কিংবদন্তি এই শিল্পীর মরদেহে রাষ্ট্রীয় পতাকা মোড়ানো হয় এবং রাষ্ট্রীয় সম্মাননা প্রদর্শন করা হয়।

ভারতীয় সময় দুপুর ২টা পর্যন্ত মরদেহ সেখানে রাখা হয়। এ সময় বলিউড তারকা রিতেশ দেশমুখ, টাবুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এছাড়া সপরিবারে শ্রদ্ধা জানাতে যান ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারও।

গত শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আশা ভোঁসলেকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার তিনি মারা যান। চিকিৎসকদের মতে, বার্ধক্যজনিত কারণে একাধিক অঙ্গ বিকল হয়ে (মাল্টি অর্গান ফেইলিওর) তার মৃত্যু হয়।

দীর্ঘ ক্যারিয়ারে হাজারো গানে কণ্ঠ দেওয়া আশা ভোঁসলে ভারতীয় সংগীতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। ২০০৮ সালে তিনি ‘পদ্মভূষণ’ এবং ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার লাভ করেন। এছাড়া ১৯৯৭ সালে তিনি প্রথম ভারতীয় নারী শিল্পী হিসেবে গ্র্যামি অ্যাওয়ার্ডে মনোনয়ন পান।

তার মৃত্যুতে ভারতীয় সংগীতজগতে এক যুগের অবসান ঘটল।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top