রুনা লায়লাকে গান শুনিয়ে জড়িয়ে ধরলেন কাঙ্গালিনী সুফিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১২:৫০ এএম

সংগৃহীত

বগুড়ার মমো ইন প্রাঙ্গণ যেন এখন রীতিমতো তারকাদের মিলনমেলায় পরিণত হয়েছে। ‘টিএমএসএস-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫’কে ঘিরে দেশের সংগীত ও বিনোদন অঙ্গনের শীর্ষ তারকাদের উপস্থিতিতে পুরো এলাকা মুখর হয়ে উঠেছে।

সোমবার সন্ধ্যা থেকেই মূল মঞ্চে শুরু হয় ব্যস্ততা। বিশাল উন্মুক্ত মাঠে নির্মিত মঞ্চে চলছে মহড়া, আর সেই মহড়াকেই ঘিরে একে একে হাজির হচ্ছেন সংগীত ও শোবিজ অঙ্গনের পরিচিত মুখরা। শুধু বিনোদন জগতই নয়, রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিদের উপস্থিতিও আয়োজনটিকে দিয়েছে বাড়তি গুরুত্ব। আয়োজকরা একে বলছেন ‘অভূতপূর্ব’ তারকাসমাগম।

এদিন উপস্থিত ছিলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। মূল অনুষ্ঠানেও তার অংশগ্রহণ থাকবে বলে জানা গেছে। মহড়ার ফাঁকে তাকে আড্ডায় মেতে উঠতে দেখা যায় লোকসংগীতের জনপ্রিয় শিল্পী কাঙ্গালিনী সুফিয়া-র সঙ্গে। এবারের আসরে কাঙ্গালিনী সুফিয়াকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

সোমবার দুপুরেই মেয়ে ও নাতনিকে সঙ্গে নিয়ে বগুড়ায় পৌঁছান এই লোকশিল্পী। সন্ধ্যায় রুনা লায়লার সামনে তিনি পরিবেশন করেন তার জনপ্রিয় গান ‘মাটির গাছে লাউ ধইরাছে’। গান শেষে তার প্রশংসা করেন রুনা লায়লা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কাঙ্গালিনীর গান বহুদিন ধরেই শুনছেন এবং তার সুস্থতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরসহ আয়োজক সংশ্লিষ্টরা।

সব মিলিয়ে, মূল অনুষ্ঠান শুরুর আগেই বগুড়ায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। এখন সবার অপেক্ষা জমকালো সেই আয়োজনের, যেখানে এক মঞ্চে দেখা মিলবে দেশের সংগীতাঙ্গনের সেরা তারকাদের।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top