ব্যারিস্টার সুমনকে নিয়ে নীরবতা ভাঙলেন পিয়া জান্নাতুল
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ এএম
আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির একাধিক নেতা বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়ে আটক হয়েছেন। সেই তালিকায় রয়েছেন সাবেক সংসদ সদস্য ও আলোচিত আইনজীবী ব্যারিস্টার সাইয়েদ সায়েদুল হক সুমন। তার গ্রেপ্তার ও কারাবাসকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন থেকে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই চলছে আলোচনা-সমালোচনা।
একই পেশায় যুক্ত থাকায় সুমনের সঙ্গে আইনজীবী ও মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুলের নামও বিভিন্ন সময় আলোচনায় এসেছে। তবে সুমনের আটক হওয়ার পর এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে দেখা যায়নি তাকে। নানা প্রশ্নের মুখে পড়লেও তিনি বিষয়টি এড়িয়ে চলেছেন বলেই মনে করেছেন অনেকে।
অবশেষে নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন পিয়া। সেখানে তিনি লেখেন, যে মানুষটি সবসময় অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং দেশের স্বার্থে নির্ভয়ে কথা বলেছেন, সেই ব্যারিস্টার সুমন আজ জামিন প্রার্থনা করছেন— যা সময়ের নির্মম পরিহাস।
পিয়া আরও উল্লেখ করেন, দল নয়— অন্যায়ের বিরুদ্ধে অবস্থানই ছিল সুমনের মূল শক্তি। দেশের জন্য কাজ করা, দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলা এবং স্পষ্টভাষী নেতৃত্ব— এসব গুণাবলিই তাকে আলাদা করেছে বলে মন্তব্য করেন তিনি। তার মতে, বাংলাদেশের উন্নয়নে সাহসী ও নীতিবান মানুষের বিকল্প নেই।
পোস্টে পিয়া বলেন, যে কেউ যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে পারেন— সেটিই গণতন্ত্রের সৌন্দর্য। তবে একজন মানুষের দর্শন, সততা ও উদ্দেশ্যই হওয়া উচিত মূল্যায়নের প্রধান মানদণ্ড। পাশাপাশি, কোনো মামলা যদি হয়রানিমূলক হয়ে থাকে, তবে তা ন্যায়সংগতভাবে পর্যালোচনা করে দ্রুত নিষ্পত্তির প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
পিয়ার এ বক্তব্য প্রকাশের পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার অবস্থানের প্রশংসা করেছেন, আবার অনেকে তীব্র সমালোচনাও করেছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
