দীর্ঘ ১২ বছর পর আবারও একসঙ্গে শাহরুখ–ফারাহ, আসছে ‘ম্যায় হু না ২’
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ এএম
বলিউড বাদশাহ শাহরুখ খান এবং জনপ্রিয় নির্মাতা ফারাহ খান দীর্ঘ ১২ বছর পর আবারও একসঙ্গে কাজ করতে চলেছেন। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট সিনেমা ‘ম্যায় হু না’-র দুই দশক পূর্তি উপলক্ষে ছবিটির সিক্যুয়েল নির্মাণের ঘোষণায় বি-টাউনে নতুন করে উচ্ছ্বাস দেখা দিয়েছে।
এই সিক্যুয়েলের সবচেয়ে বড় চমক হিসেবে জানা গেছে, প্রথমবারের মতো এই ফ্র্যাঞ্চাইজিতে শাহরুখ খানকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। ২০১৪ সালের ‘হ্যাপি নিউ ইয়ার’-এর পর এটিই হবে শাহরুখ–ফারাহ জুটির প্রথম কাজ। দীর্ঘদিন ধরেই ফারাহ খান ছবিটির চিত্রনাট্য নিয়ে কাজ করছিলেন। সম্প্রতি শাহরুখ স্ক্রিপ্টে সম্মতি দেওয়ায় প্রকল্পটি চূড়ান্ত রূপ পায়।
পরিচালক সূত্রে জানা গেছে, শাহরুখের দুই চরিত্র দেখতে একই রকম হলেও তাদের ব্যক্তিত্ব হবে সম্পূর্ণ বিপরীত—যা গল্পে ভিন্নমাত্রা যোগ করবে। মূলত এই চ্যালেঞ্জিং ডাবল রোলের কারণেই কিং খান প্রজেক্টটিতে অভিনয়ে আগ্রহী হয়েছেন।
এর আগে এই জুটি ‘ওম শান্তি ওম’ ও ‘ম্যায় হু না’-র মতো কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন, যা আজও দর্শকদের মনে দাগ কেটে আছে। নতুন কিস্তিতেও অ্যাকশন, কমেডি ও ড্রামার মিশেলে জমজমাট বিনোদনের আভাস মিলেছে।
গল্পের প্রেক্ষাপটেও থাকবে দেশপ্রেমের ছোঁয়া। প্রথম কিস্তির মতোই ভারত–পাকিস্তান সম্পর্কের ইঙ্গিত থাকলেও এবার যুক্ত হবে সমসাময়িক বিশ্ব রাজনীতি ও ভারতের বর্তমান চ্যালেঞ্জগুলো। পাশাপাশি ভক্তদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে আগের পর্বের শিল্পী—সুস্মিতা সেন, সুনীল শেট্টি, অমৃতা রাও ও জায়েদ খান—ফিরে আসতে পারেন গুরুত্বপূর্ণ চরিত্রে।
এদিকে শাহরুখ খান বর্তমানে তার পরবর্তী সিনেমা ‘কিং’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন, যেখানে তাকে ডন-ইমেজে দেখা যাবে। আগামী মে মাসের মধ্যে এই ছবির কাজ শেষ করে তিনি ‘ম্যায় হু না ২’-এর স্ক্রিপ্ট রিডিংয়ে বসবেন বলে জানা গেছে।
সবকিছু পরিকল্পনামাফিক এগোলে ‘কিং’ মুক্তির পরপরই শুরু হবে ‘ম্যায় হু না ২’-এর দৃশ্যধারণ। এক দশকেরও বেশি সময় পর এই সফল জুটির প্রত্যাবর্তন বলিউড বক্স অফিসে নতুন রেকর্ড গড়বে—এমনটাই আশা করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।
বিষয়:
