রজনীকান্ত ও ধানুশের বাড়িতে বোমা হামলার হুমকি, পুলিশি তল্লাশি চালানো হচ্ছে
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ০৬:৩৪ পিএম
তামিল সুপারস্টার রজনীকান্ত ও অভিনেতা ধানুশের বাড়িতে বোমা হামলার হুমকির খবর ছড়িয়ে পড়েছে, যা চেন্নাই শহরকে থমকে দিয়েছে। হুমকির তালিকায় এক রাজনীতিবিদের বাসভবনও থাকায় চাঞ্চল্য আরও বেড়েছে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সম্প্রতি তামিলনাড়ু পুলিশের মহাপরিদর্শকের (ডিজিপি) দপ্তরে পাঠানো এক ইমেইলে দাবি করা হয় যে, রজনীকান্ত ও ধানুশের বাড়িতে বিস্ফোরক রাখা হয়েছে। ইমেইল পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর বোমা নিষ্ক্রিয়করণ দল ও অনুসন্ধানী স্কোয়াড রজনীকান্ত, ধানুশ এবং ওই রাজনীতিকের বাড়ি তল্লাশি চালায়।
কয়েক ঘণ্টার তল্লাশির পর পুলিশ জানায়, কোথাও কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। নিরাপত্তা কর্মকর্তারা ধারণা করছেন, এটি একটি ভুয়া হুমকি ছিল।
এর আগে অক্টোবরে একই ধরনের হুমকি পেয়েছিলেন অভিনেত্রী ত্রিশা কৃষ্ণন, রাজনীতিক ও অভিনেতা এস ভি শেখর, এবং সুরকার ইলাইয়ারাজারের স্টুডিও, যা তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছিল।
পুলিশ সতর্ক অবস্থান বজায় রেখেছে এবং শহরে নিরাপত্তা জোরদার করেছে, যাতে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
নিফ্লা৭১/ওতু
বিষয়:
