আরবাজ খান দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫, ০৩:৪৬ পিএম
দ্বিতীয়বারের মতো বাবা হলেন বলিউড অভিনেতা আরবাজ খান। রবিবার (৫ অক্টোবর) কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী সুরা খান। মুম্বাইয়ের খার এলাকার পিডি হিন্দুজা হাসপাতালে জন্ম নেয় এই খুদে অতিথি।
এর আগে শনিবার (৪ অক্টোবর) রাতেই হাসপাতালে ভর্তি করা হয় সুরাকে। সন্তান জন্মের খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা আর অভিনন্দনে ভেসে যান আরবাজ ও সুরা।
চলতি বছরের আগস্টেই তাদের ঘরে নতুন অতিথি আসার খবর নিশ্চিত করেন এই দম্পতি। এরপর থেকেই বলিপাড়ায় কৌতূহল ছিল—কবে আসবে নতুন অতিথি? অবশেষে সেই অপেক্ষার অবসান হলো।
এর কিছুদিন আগে সুরার জন্য আয়োজন করা হয়েছিল জমজমাট সাধের অনুষ্ঠান। সেই আয়োজনে উপস্থিত ছিলেন সালমান খান, সোহেল খান, অর্পিতা খান, আরহান খান, সহ আরও অনেক বলিউড ও টেলিভিশন তারকা। হলুদ রঙের রঙমিলান্তি পোশাকে নজর কাড়েন আরবাজ-সুরা দম্পতি।
উল্লেখ্য, এটি আরবাজ খানের দ্বিতীয় সন্তান। তার প্রথম সন্তান আরহান খান, মালাইকা অরোরার সঙ্গে তার আগের বৈবাহিক জীবনের ছেলে। নতুন জীবনে সুরাকে নিয়ে বেশ খুশিতেই সময় কাটাচ্ছেন আরবাজ।
এদিকে বলিউড অঙ্গনে এখন শুভকামনার ঢল, অনেকেই নতুন অতিথির আগমনে অভিনন্দন জানিয়েছেন এই দম্পতিকে।
বিষয়:
