সাদামাটাভাবে বিয়ে করলেন পরম-পিয়া
ফারহানা মির্জা | প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৩, ১০:০৬ এএম
সাদামাটাভাবেই বিয়ের কাজ সারলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী।গেলো রাতে তাদের বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই দেখা পাওয়া যায় ঘরোয়া সাজে বাঙালি কনে পিয়ার।
আগে থেকেই দুজনের সম্পর্কের গুঞ্জন ছিল। সেই গুঞ্জন সত্যি করে সোমবার আইনিভাবে বিয়ে সারেন পরম-পিয়া। বিয়ের পর সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন পরমব্রত নিজেই।
একেবারে ছিমছাম সাজ ছিল বর-কনের। গেরুয়া পাঞ্জাবি, সাদা পাজামা আর জওহর কোট পরেন পরম। আর কনে পিয়া পরেন সাদা বেগমপুরি, লাল জামদানি ব্লাউজ। সেজেছেন সোনার গয়নায়। গলায় সোনার লহরি হার, হাতে সোনার কঙ্কন আর বালা। চুল খোলা। ঠোঁটে লাল লিপস্টিক আর কপালে ছোট লাল টিপ।
পিয়ার বরাবরই ছিমছাম সাজ পছন্দ। বিয়ের দিনেও তাই খুব একটা মেকআপ নেননি। তবে সাজে ছিমছাম হলেও তার চোখে মুখে ছিল বিয়ের আনন্দ।
প্রসঙ্গত, পিয়া চক্রবর্তী গায়ক অনুপম রায়ের সাবেক স্ত্রী। অনুপম ও পরমব্রত দুজনেই ভালো বন্ধু। আর সেই বন্ধুর সাবেক স্ত্রীকেই বিয়ে করলেন পরমব্রত। ২০২১ সালে অনুপম ও পিয়ার বিবাহবিচ্ছেদ হয়। এরপরই পরমব্রতের সঙ্গে পিয়ার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল।
