বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিলেন নেহা কক্কর
শাকিল খান | প্রকাশিত: ১৭ জুন ২০২৩, ০৯:৩৯ পিএম
কদিন ধরেই স্বামীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন চলছিল বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্করের! সদ্য গায়িকার জন্মদিন উদযাপনের ছবি প্রকাশ্যে আসতেই এমনটি রটেছিল। সেই সব ছবিতে দেখা যায়, স্বামী রোহনপ্রীত ছিলেন না তার জন্মদিন উদযাপনে। আর তা দেখেই গুঞ্জন রটেছিল বিচ্ছেদের পথে নেহা- রোহনপ্রীত।
এবার সেই গুঞ্জন উড়িয়ে দিলেন নেহা নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী রোহানের সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন নেহা। এর প্রতিটি ছবিতেই ধরা পড়েছে তাদের রসায়ন।
ক্যাপশনে এই গায়িকা লেখেন, ‘স্বামী রোহনে সঙ্গে অন্যতম সেরা ছুটি কাটিয়ে শহরে ফিরলাম।’ এর কমেন্ট বক্সে চোখ রাখতেই দেখা গেছে অনুরাগীদের সব মজার মন্তব্য। নেহা ও রোহনের সম্পর্ক যে ঠিকঠাক রয়েছে, সেটা দেখে খুশি ভক্তরা।
দীর্ঘদিনের প্রেমের পর ২০২০ সালে বিয়ে করেন নেহা ও রোহনপ্রীত। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় স্বামীর প্রতি ভালোবাসা উজাড় করা লেখা, ছবি পোস্ট করেন নেহা। সমস্ত উদযাপন, ছুটি কাটানো, সব কিছুতেই পাশাপাশি দেখা যেত এই যুগলকে। তবে ছন্দপতন হয়েছিল এ বছরের জন্মদিনে। পরিবার ও বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেও ছিলেন না রোহনপ্রীত।
২০১৪ সাল থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত অভিনেতা হিমাংশু কোহলির সঙ্গে সম্পর্কে ছিলেন নেহা। এ সম্পর্ক থেকে বের হয়ে এসে ২০১৯ সালে মানসিক অবসাদের কথা জানান গায়িকা। এরপর করোনাকালে জীবনের নতুন সঙ্গীকে খুঁজে পান নেহা।
‘নেহু দা বিয়া’ শিরোনামের মিউজিক ভিডিও করার সময় রোহনের সঙ্গে সম্পর্কে জড়ান। অল্প কয়েকদিনের প্রেমের পরই ২০২০ সালে বিয়ে করেন তারা।
বিষয়: বিচ্ছেদ বলিউড নেহা কক্কর News newsflash71
