১২ দিন সংসার করে পামেলা পাচ্ছেন ১০৬ কোটি টাকা
বিনোদন ডেস্ক
|
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৩, ০৩:০০ এএম
মাত্র ১২ দিনেই ভেঙে গিয়েছিল হলিউড অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন ও প্রযোজক জন পিটার্সের ঘর। তবে প্রাক্তন স্ত্রীর জন্য ভালোবাসা মোটেই কমেনি জনের। নিজের উইলে পামেলার জন্য রেখে যাচ্ছেন ১০ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যার মূল্য ১০০ কোটি!
দুজনের জানাশোনা ছিল দীর্ঘদিনের। ১৯৮০ সালে প্রথম প্লেবয় ম্যানসনে পামেলাকে দেখেন জন পিটার্স। পামেলা তখন বছর ১৯-এর কিশোরী। প্রথম দেখাতেই পামেলাকে মনে ধরেছিল জনের। তারপর কেটে গেছে প্রায় ৩০ বছর। একে অপরের বন্ধু হিসেবে বিপদে-আপদে পাশে থেকেছেন পামেলা ও জন। হঠাৎ বিয়ের প্রস্তাব আসে জনের কাছে। মোবাইলে এসএমএস করে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ‘বার্ব ওয়্যার’, ‘স্ন্যাপড্র্যাগন’ খ্যাত হলিউড তারকা পামেলাই।
আরও পড়ুন : পশ্চিম তীরে সেনা জড়ো করছে ইসরায়েল

অবশ্য সেসময় অন্য নারীর বাগদত্ত ছিলেন পিটার্স। তবে পামেলার হাতছানি উপেক্ষা করতে পারেননি ‘ব্যাটমান’, ‘সুপারম্যান রিটার্নস’ ছবির এই প্রযোজক। ২০২০ সালের জানুয়ারি মাসে মালিবুতে বিয়ে সারেন পামেলা-পিটার্স। সেই বছরই ১ ফেব্রুয়ারি বিচ্ছেদের জন্য আইনি পথে আবেদন জানান নবদম্পতি। পামেলা ও জনের বিয়ে নিয়ে কম চর্চা হয়নি।
ব্যক্তিগত জীবনে পামেলা অ্যান্ডারসন পাঁচটি বিয়ে করেছেন। জন পিটার্সের আগে সংগীত শিল্পী টমি লী, কিড রক, রিক সলোমনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। জনের সঙ্গে বিচ্ছেদের পর ড্যান নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। গত বছর এ সংসারও ভেঙে যায়।
