একসঙ্গে তিন নায়িকার সঙ্গে প্রেম করছেন জোভান
নিশি রহমান | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২, ০১:৩৬ এএম
গল্পের শুরুটা হবে এভাবে, শাওন রাইড শেয়ারিং অ্যাপে বাইক চালায়। একদিন বাইক রাইড দিতে গিয়ে তার পরিচয় হয় শম্পার সাথে। পরিচয় থেকে প্রেম। অবশেষে বিয়ের জন্য শাওন একদিন আংটি ও ফুল নিয়ে শম্পার দরজায় হাজির হয় তাকে প্রপোজ করার জন্য। সেই মুহূর্তটি ক্যামেরাবন্দী করার জন্য অন্য একজন লোকের কাছে তার মোবাইল ফোন দেয়। শাওন প্রপোজ করে বাসায় ফিরে রাতে যখন সেই ভিডিও অন করে তখন ভিডিওতে দেখে, শম্পার বাসার দোতালা থেকে একটা হ্যান্ডসাম ছেলে খালি গায়ে লুকিয়ে পালাচ্ছে! শাওনের মাথায় আকাশ ভেঙে পড়ে। ওই রাতেই সে শম্পার সাথে ব্রেকআপ করে ফেলে!
তিনটি প্রেমই ঠুনকো কারণে খুব তাড়াতাড়ি ভেঙে যায় শাওনের। এমনই একটি চরিত্রে অভিনয় করেছেন জোভান। আর তার তিন প্রেমিকার চরিত্রে আছেন সারিকা সাবাহ, কেয়া পায়েল ও তানিয়া বৃষ্টি।
এই চারজনকে নিয়ে প্রেম ও রাইড শেয়ারিংয়ের মজার গল্পে নাটকটি নির্মাণ করেছেন মেহেদী রনি। ‘অপশন বি’ নামের এই নাটকটি রচনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব।
নির্মাতা মেহেদী রনি বলেন, ‘নাটকটিতে অনেকগুলো বিষয়ের সমন্বয় করার চেষ্টা করেছি। রাইড শেয়ারিং, হঠাৎ প্রেম-বিচ্ছেদ এবং সংসার জীবন। সবগুলো বিষয় মিলিয়েই গল্পটি এগিয়েছে। খুব মজা করে আমরা কাজটি করেছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
বিষয়: অপশন বি রাইড শেয়ারিং নাটক
