আবারও যে কারণে অভিনেত্রী রাকুল প্রীতকে ইডিতে তলব
নিশি রহমান | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২২, ১১:৪৭ পিএম
তেলুগু চলচ্চিত্র শিল্পের মাদক এবং তহবিল তছরুপের মামলায় ফের একবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। আগামী সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে ইডি। এর আগে, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে হায়দরাবাদে ইডি-র দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি। ২০১৭ সালে হায়দরাবাদে শুল্ক বিভাগের হাতে এক বড় মাপের মাদক চক্র ধরা পড়েছিল। ওই মাদক চক্রের সঙ্গে জড়িত এক তহবিল তছরুপের মামলার তদন্তের প্রয়োজনে তাঁকে ডেকেছিল ইডি। এর আগে এই মামলায় গত বছরের ৩ সেপ্টেম্বর জেরা করা হয়েছিল রাকুলকে।
২০২০ সালে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর, বলিউডে মাদক চক্রের তদন্তের সময় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি-ও রাকুল প্রীত সিং-কে জিজ্ঞাসাবাদ করেছিল। রিয়া চক্রবর্তীর সঙ্গে তাঁর মোবাইল চ্যাটের প্রেক্ষিতে তাঁকে তলব করা হয়েছিল। জানা যায়, রিয়ার সঙ্গে চ্যাট করার বিষয়টি মেনে নিয়েছিলেন রাকুল প্রীত। তিনি জানিয়েছিলেন, রিয়ার জন্যই তিনি মাদক সংগ্রহ করেছিলেন। তিনি নিজে জীবনে কখনও মাদক গ্রহণ করেননি বলে দাবি করেছিলেন।
সবমিলিয়ে প্রায় ১২টি মামলা দাখিল হয়েছে, যার মধ্যে ১১টি মামলার চার্জশিট পেশ করা হয়ে হয়েছে। টালিউড তারকাদের মূলত রাজসাক্ষী হিসাবেই ডাকা হচ্ছে, চার্জশিটে অভিযুক্তদের তালিকায় অবশ্য নাম নেই তাদের।
বিষয়: মাদক তহবিল তছরুপ তেলুগু চলচ্চিত্র ইডি
