চিকিৎসা শেষে দেশে ফিরলেন শবনম ফারিয়া
নিশি রহমান | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২, ০৪:১৫ এএম
মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া ভারতের রাজধানী দিল্লির একটি হাসপাতালে গত ২৭ নভেম্বর নাকে অস্ত্রোপচার করান। এরপর বড় বোনের বাসায় বিশ্রাম নেন কয়েকদিন। সুখবর হচ্ছে, সেখানে চিকিৎসা নেয়ার পরে সুস্থ হয়ে দেশে ফিরেছেন এই অভিনেত্রী।
গতকাল বিকেলে দেশে ফিরেছেন বলে জানিয়েছেন ছোটপর্দার এই অভিনেত্রী। ফেসবুক এক স্ট্যাটাসে তিনি জানান, ফ্লাইটটি দেরি হওয়ায় সময় লেগেছে দেশে পৌঁছাতে। গতকাল রাত সাড়ে ৮টার দিকে দেশে পৌঁছেছেন ফারিয়া।
আগের থেকে নাকের অবস্থা এখন ভালো। সুস্থ হয়ে শিগগিরই যেন কাজে ফিরতে পারেন সেজন্য শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া ।
শ্বাসকষ্ট সমস্যার কারণে গত অক্টোবর থেকে দেশে এবং দেশের বাইরে অনেক জায়গায় চিকিৎসা করিয়েছেন ফারিয়া। প্রথমে ভেবেছিলেন কার্ডিয়াক সমস্যা। পরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন, তার কার্ডিয়াক সমস্যা নেই।
এ বিষয়ে ওই সময় ফারিয়া বলেছিলেন, এক বছর ধরে লক্ষ করছিলাম নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে। সে হিসেবে অনেক কার্ডিয়াক স্পেশালিস্ট দেখিয়েছি। অবশেষে দিল্লি এসে নিশ্চিত হলাম, সমস্যাটা কার্ডিয়াক নয়, নাকে।
তবে অবশেষে চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরলেন ‘দেবী’ খ্যাত অভিনেত্রী। কিছুদিন বিশ্রাম নিয়ে কাজে ফিরবেন বলে জানিয়েছেন ফারিয়া।
বিষয়: অভিনেত্রী ছোটপর্দা শবনম ফারিয়া
