আবারও জুটি বাঁধছেন নুসরাত ফারিয়া ও অপূর্ব
নিশি রহমান | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২২, ০৬:০০ এএম
প্রায় দুই বছর আগে শিহাব শাহীনের ‘যদি-কিন্তু-তবুও’ ওয়েব ফিল্মে নুসরাত ফারিয়া ও অপূর্ব জুটি বেঁধেছিলেন। এবার ‘আইকন ম্যান’ শিরোনামের নতুন একটি সিনেমায় আবারও একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। এটি নির্মাণ করেছেন সঞ্জয় সমাদ্দার। ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি।
ফিচার ফিল্মে ফাহাদ চরিত্রে জিয়াউল ফারুক অপূর্ব এবং নোভা চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।গল্পে দেখা যায় ‘আইকন ম্যান’ নামে সুপরিচিত ফাহাদ বেগ একজন তরুণ উদ্যোক্তা ও জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার। আইকন কোম্পানি প্রতিষ্ঠা করে খুব কম সময়ের মধ্যে দেশীয় আইটি ব্যবসায় তিনি শক্তিশালী অবস্থান তৈরি করেন। ফাহাদ বেগের উত্থান ও পতনের গল্প ঘিরেই তৈরি হয়েছে ‘আইকন ম্যান’।
১৬ বছর আগেও যেখানে ফাহাদ মধ্যবিত্ত পরিবারের বেকার সন্তান হিসেবে দেনার দায়ে জর্জরিত ছিল, সেখান থেকে কীভাবে তার এ উত্থান নোভা সেটি খুঁজে বের করতে সমর্থ হন। চাকরির খোঁজে থাকা অবস্থায় এ দেশের সিস্টেম ও প্রথাগত সমস্যায় ফাহাদ জর্জরিত ছিলেন। কিন্তু এ সিস্টেম, চাকরির তদবির নিয়ে কোটি কোটি টাকার বাণিজ্যের ভেতরের ফাঁকফোকর বের করে ফাহাদ নিজেই নতুন এক বিজনেস স্ট্র্যাটেজি তৈরি করেন। তার হাত ধরে তৈরি হয় একটি শক্তিশালী গোপন চক্র।
আইকন ম্যান-এর পরিচালক সঞ্জয় সমাদ্দার বলেন, ‘সিস্টেম যখন ব্যক্তিকে আহত করে, ব্যক্তিগত যন্ত্রণা যেন সমষ্টিকে ভাবায়, সেটা ভেবেই আইকন ম্যান নির্মাণ করেছি।
বিষয়: ওটিটি চলচ্চিত্র ওয়েব ফিল্ম আইকন ম্যান
