পা ভেঙেছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ আগষ্ট ২০২২, ০৪:৫২ এএম
‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ ওয়েব সিরিজের শুটিংয়ের সময় বাঁ পায়ে আঘাত পান বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। পরে হাসপাতালে নিয়ে পরীক্ষা করানো হলে ডাক্তার জানান, তার পা ভেঙেছে। খবর এনডিটিভির।
বুধবার (১০ আগস্ট) বিকালে শিল্পা তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, হুইল চেয়ারে বসে আছেন শিল্পা। তার বাঁ পায়ে বেল্ট পরানো। হাস্যেজ্জ্বল মুখে দু’হাতে ভি চিহ্ন প্রদর্শন করছেন।
আর ক্যাপশনে লিখেছেন, ‘‘তারা বলেছিল রোল, ক্যামেরা, অ্যাকশন— ‘পা ভাঙো’। আক্ষরিক অর্থে আমি তাই করেছি। আগামী ৬ সপ্তাহ ক্যামেরার বাইরে থাকতে হবে। খুব শিগগির আরো শক্তি নিয়ে ফিরব।’’
গতকাল শিল্পা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। তাতে ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যের শুটিং করতে দেখা যায় তাকে।
‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ পরিচালনা করছেন রোহিত শেঠি। শিল্পা ছাড়াও এতে অভিনয় করছেন—বিবেক ওবেরয়, সিদ্ধার্থ মালহোত্রা, ইশা প্রমুখ। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে ওয়েব সিরিজটি।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি
