সাকিবের প্রশংসায় সৃজিত
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২১, ০২:৫৪ এএম
রাফিয়াত রশিদ মিথিলাকে বিয়ে করার সুবাদে ভারতীয় পরিচালক সৃজিতের সঙ্গে এখন আত্মীয়তার সম্পর্ক বাংলাদেশেরও। তার আগে থেকেই অবশ্য বাংলাদেশ সম্পর্কে খোঁজ খবর রাখেন সৃজিত। আর তিনি যে ক্রিকেটের বড় ভক্ত সেটা তো নতুন কোনো খবরও নয়। সামনেই তো আসছে তার পরিচালনায় ক্রিকেটার মিতালি রাজের বায়োগ্রাফি ‘সাবাশ মিতু’!
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই পরিচালক এবার সাকিব আল হাসান বন্দনায় মাতলেন। বুঝিয়ে দিলেন বিশ্বসেরা অলরাউন্ডারের বড় ভক্ত তিনি। অটোগ্রাফ, চতুষ্কোণ, বাইশে শ্রাবণের নির্মাতা আরও একবার সেই মুগ্ধতার কথা জানিয়ে দিলেন।
বুধবার (৮ ডিসেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে চলমান ঢাকা টেস্টে সাকিবের ব্যাটিংয়ের একটি ছবি দিয়ে লিখলেন, ‘সাকিব- আমাদের সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার।’ যদিও এখন সেরা ছন্দে নেই সাকিব। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে স্রোতের বিপরীতে অবশ্য কিছুটা সময় লড়লেন। ফিরলেন ৩৩ রানে। তবে তার পুরো ক্যারিয়ারটাই সাফল্যে মোড়ানো।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: সাকিব সৃজিত মুখার্জি
