‘কাগজ’ এ গান গাইলেন সোমলতা
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২১, ০৩:৪৫ এএম
আবারো বাংলাদেশি সিনেমায় গান গাইলেন কলকাতার জনপ্রিয় শিল্পী সোমলতা আচার্য চৌধুরী। নির্মাতা জুলফিকার জাহেদি পরিচালিত ‘কাগজ’ নামের সিনেমায় শোনা যাবে এই গান। জুলফিকার জাহেদির কথায় গানটির সুর করেছেন অভিজিৎ সরকার এবং সংগীত আয়োজন করেছেন অভিষেক ব্যানার্জি।
এ প্রসঙ্গে সোমলতা বলেন, ‘কাগজ’ সিনেমার গানের কথাগুলো শ্রুতিমধুর। জাহেদি ভাই বেশ যত্ন নিয়ে গানটি লিখেছেন। এই সিনেমায় যুক্ত হতে পেরে আমি আনন্দিত। এর আগেও বাংলাদেশের সিনেমায় গান করেছি। আশা করছি, আগামী দিনেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’ এদিকে জুলফিকার জাহেদি বলেন, ‘দীর্ঘদিন ধরেই সোমলতার সঙ্গে পরিচয়। তার গায়কীও বেশ ভালো। গানটি লেখার সময় সোমলতার কথা ভেবেই গানটি লিখেছি। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে সবাই গানটি পছন্দ করবেন।’
‘কাগজ’ সিনেমায় জুটি হয়ে অভিনয় করছেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা আইরিন। আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, মায়মুনা মম, শশী আফরোজা, মুন, আশরাফ কবির, ফারহান খান রিও, যুবরাজ প্রমুখ।
এনএফ৭১/এনজেএ/২০২১
