লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৭:১২ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর পূর্বনির্ধারিত একটি সভাকে কেন্দ্র করে যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার ইস্ট লন্ডন মসজিদ–সংলগ্ন মায়েদা গ্রিল রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।
সভাকে কেন্দ্র করে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা বিক্ষোভ করেন। বিকেল থেকেই রেস্টুরেন্টের সামনে দুই পক্ষের সমর্থকদের উপস্থিতি বাড়তে থাকে। একপর্যায়ে এনসিপির কর্মী-সমর্থকদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
উদ্ভূত পরিস্থিতিতে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন হাসনাত আবদুল্লাহ। সভা শেষে তিনি একই নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই স্থান ত্যাগ করেন।
বিক্ষোভ ও উত্তেজনার জেরে অন্তত তিনজনকে আটক করতে দেখা গেছে। আটক ব্যক্তিদের মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক রয়েছেন। তাঁকে হাতকড়া পরিয়ে পুলিশ ভ্যানে তোলা হয়। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে বিকেল সাড়ে চারটার দিকে ইস্ট লন্ডনের রমফোর্ড এলাকার এলেম পার্কেও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ ও তাঁর সহযোগীরা পার্ক এলাকায় হাঁটার সময় কয়েকজন তাঁদের অনুসরণ করে বিভিন্ন মন্তব্য করতে থাকেন। একপর্যায়ে তিনি পাশের একটি রেস্টুরেন্টে আশ্রয় নেন। এ সময় তাঁর সঙ্গে থাকা কয়েকজনের দিকে ডিম নিক্ষেপ করা হয়।
ভিডিওতে আরও দেখা যায়, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হকর গায়ে ডিম লাগে। পরে তাঁর সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীমর বাগ্বিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
এনসিপি ইউকে অ্যালায়েন্স এক বিবৃতিতে অভিযোগ করেছে, হাসনাত আবদুল্লাহ ও এহতেশামুল হকের সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কিছু কর্মী বিশৃঙ্খলা ও উসকানিমূলক আচরণের চেষ্টা করেছেন। সংগঠনটি এ ঘটনাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে বলেছে, আওয়ামী লীগ এখনো ভীতি প্রদর্শন ও অসহিষ্ণুতার রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, হাসনাত আবদুল্লাহর সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ কোনো কর্মসূচি দেয়নি। তবে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙার ঘটনার প্রতিবাদে যুক্তরাজ্যের ছাত্র ও যুবসমাজ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ জানিয়ে থাকতে পারে।
বিষয়:
